Logo

এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীর ছেলে ড. নাদিমুর রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল, ২০২৬, ২১:১৫
এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীর ছেলে ড. নাদিমুর রহমান
ছবি: সংগৃহীত

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর কনিষ্ঠ পুত্র, শিক্ষাবিদ ড. মোহাম্মদ নাদিমুর রহমান। তার এই সিদ্ধান্তকে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

বর্তমানে তুরস্কের নিদে ওমের হালিসদেমির বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ড. নাদিমুর রহমান দীর্ঘদিন ধরেই ভিন্নধর্মী চিন্তা ও সংস্কারমুখী অবস্থানের জন্য পরিচিত। পারিবারিকভাবে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা থাকলেও দলটির নীতিনির্ধারণী বিষয় নিয়ে তিনি একাধিকবার প্রকাশ্যে ভিন্নমত জানিয়েছেন। এমনকি দলের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েও আলোচনায় আসেন তিনি।

জানা গেছে, আসন্ন সময়ে তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেবেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দলটির প্রতীক ‘শাপলা কলি’র প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন তিনি, যা রাজনৈতিক অঙ্গনে তার অবস্থান নিয়ে নতুন আলোচনা তৈরি করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, ড. নাদিমুর রহমান নিজ আগ্রহেই দলে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং দল তাকে স্বাগত জানিয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে তার যোগদান সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে ড. নাদিমুর রহমান নিজেও বিষয়টি নিশ্চিত করে বলেন, তরুণদের শক্তিকে ভিত্তি করে গড়ে ওঠা এনসিপির কার্যক্রম তাকে আকৃষ্ট করেছে। দলটির বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তার কাছে সম্ভাবনাময় মনে হয়েছে। বর্তমানে দেশের বাইরে অবস্থান করলেও অনলাইনের মাধ্যমে দলের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত রয়েছে। দেশে ফিরে একটি আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল থেকে এনসিপিতে বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের নেতাকর্মীদের যোগদানের ধারা শুরু হয়েছে। ওইদিন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোট ৪৫ জন নেতাকর্মী দলটিতে যোগ দেন।

বিজ্ঞাপন

তাদের মধ্যে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত এবং মুখপাত্র শাহরীন ইরার নাম উল্লেখযোগ্য। তারা সবাই নতুন রাজনৈতিক ধারার অংশ হিসেবে এনসিপিতে যুক্ত হয়েছেন। এর মধ্যে জুনায়েদ ও রাফে সালমান রিফাত পূর্বে জামায়াতের ছাত্রসংগঠন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বেও ছিলেন।

এনসিপি নেতাদের দাবি, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে আরও বিভিন্ন দলের নেতাকর্মী ও বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে তাদের আলোচনা চলছে। বিশেষ করে জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত প্রায় চার হাজার ব্যক্তিসহ আরও অনেকের সঙ্গে দলে অন্তর্ভুক্তির বিষয়ে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানা গেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD