Logo

ঢাকা দক্ষিণ সিটিতে জামায়াতের মেয়রপ্রার্থী হচ্ছেন সাদিক কায়েম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ মে, ২০২৬, ১৫:০০
ঢাকা দক্ষিণ সিটিতে জামায়াতের মেয়রপ্রার্থী হচ্ছেন সাদিক কায়েম
সাদিক কায়েম | ফাইল ছবি

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মী সম্মেলনে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র বলছে, প্রার্থিতা নিয়ে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হলেও আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি। আগামী কয়েক দিনের মধ্যেই দলটির কেন্দ্রীয়ভাবে প্রার্থীর নাম প্রকাশ করা হতে পারে। যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি সাদিক কায়েম।

বিজ্ঞাপন

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ—উভয় সিটি কর্পোরেশনের জন্য প্রার্থী নির্ধারণ সম্পন্ন হয়েছে এবং দ্রুতই তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে নিজের জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে ঢাকায় স্থানান্তর করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন সাদিক কায়েম। যদিও এখনও বড় ধরনের প্রচারণা শুরু হয়নি, তবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

বর্তমানে ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন সাদিক কায়েম। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই তরুণ নেতাকে সামনে রেখেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে জামায়াত। দলটির শীর্ষ নেতৃত্ব মনে করছে, তরুণদের মধ্যে তার গ্রহণযোগ্যতা এবং সংগঠনিক অভিজ্ঞতা নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

আনুষ্ঠানিক ঘোষণার পর পূর্ণমাত্রায় নির্বাচনী প্রচারণায় নামবেন সাদিক কায়েম—এমনটাই ধারণা রাজনৈতিক মহলের। ফলে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD