Logo

এনসিপির জাতীয় কনভেনশন রবিবার, চার ইস্যুতে হবে আলোচনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ মে, ২০২৬, ১৯:০২
এনসিপির জাতীয় কনভেনশন রবিবার, চার ইস্যুতে হবে আলোচনা
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল রবিবার (৩ মে) জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট—এই চারটি গুরুত্বপূর্ণ ইস্যুতে দিনব্যাপী জাতীয় কনভেনশনের আয়োজন করেছে। রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ কনভেনশনটি চারটি পৃথক সেশনে বিভক্ত থাকবে।

বিজ্ঞাপন

শনিবার (২ মে) বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের সংস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে, যেখানে রাজনীতিবিদ, বিশেষজ্ঞ, অ্যাক্টিভিস্ট এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা অংশ নেবেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, সরকার শুরু থেকেই দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার প্রক্রিয়ায় এগোয়নি। এ পরিস্থিতিতে এনসিপি নিজেরাই সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হওয়ায় দলটি বিভিন্ন সভা-সেমিনার ও স্টেকহোল্ডারদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে।

কনভেনশনের সূচনা হবে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উদ্বোধনী অধিবেশনের মাধ্যমে। এতে সভাপতিত্ব করবেন দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। স্বাগত বক্তব্য দেবেন সরোয়ার তুষার। প্যানেল আলোচনায় অংশ নেবেন বদিউল আলম মজুমদার, সারজিস আলম, আব্দুল হান্নান মাসুদ, দিলারা চৌধুরী, মির্জা হাসান এবং তৌফিক আহমদ চৌধুরী। অধিবেশনটি সঞ্চালনা করবেন জাবেদ রাসিন।

প্রথম মূল অধিবেশন শুরু হবে সকাল ১০টা থেকে, যেখানে “অর্থনৈতিক পুনর্গঠন: দুদক, এনবিআর, ব্যাংকিং খাতের শৃঙ্খলা ও কর্মসংস্থান” বিষয়ে আলোচনা হবে। এতে সভাপতিত্ব করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আলোচনায় অংশ নেবেন ফাহমিদা খাতুন, এম নিয়াজ আসাদুল্লাহ, ড. এম. মাসরুর রিয়াজ, ফাহিম মাসরুর, শামস মাহমুদ এবং আসিফ খান। সেশনটি সঞ্চালনা করবেন মনিরা শারমিন।

বিজ্ঞাপন

দ্বিতীয় অধিবেশনে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত “জ্বালানি নিরাপত্তা: বর্তমান সংকট ও ভবিষ্যৎ করণীয়” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন হাসনাত আব্দুল্লাহ। আলোচনায় অংশ নেবেন তানজীমউদ্দিন খান, এম শামসুল আলম, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং ড. খান জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। সেশনটি পরিচালনা করবেন আতিক মুজাহিদ।

দুপুর ২টা থেকে তৃতীয় অধিবেশনে “মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার: বর্তমান ঝুঁকি ও করণীয়” বিষয়ে আলোচনা হবে। এতে সভাপতিত্ব করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আলোচনায় অংশ নেবেন সারা হোসেন, তাজুল ইসলাম, আবু হেনা রাজ্জাকী, আশরাফ কায়সার, জায়মা ইসলাম এবং নাবিলা ইদ্রিস। সেশনটি সঞ্চালনা করবেন আব্দুল্লাহ আল আলামিন।

বিজ্ঞাপন

দিনের শেষ পর্বে বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত “গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে জুলাই সনদ, সংস্কার ও গণভোট” বিষয়ে সমাপনী আলোচনা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আলোচনায় অংশ নেবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, যার মধ্যে রয়েছেন ডা. শফিকুর রহমান, মাহমুদুর রহমান মান্না, মাওলানা মামুনুল হক, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এবং মজিবুর রহমান মঞ্জু। সেশনটি পরিচালনা করবেন আরিফুল ইসলাম আদীব।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD