‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: ফখরুল

‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাবে বিএনপি কখনোই একমত হয়নি বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
শনিবার (২ মে) রাজধানীর শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অডিটোরিয়ামে জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ প্রণয়নের প্রতিটি ধাপে বিএনপি সক্রিয়ভাবে অংশ নিয়েছিল এবং কিছু বিষয়ে ভিন্নমত থাকায় ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া হয়েছিল। এরপরও দলটি আনুষ্ঠানিকভাবে সনদে স্বাক্ষর করেছে। তবে বর্তমানে কিছু পক্ষ যেভাবে সব সিদ্ধান্ত বাধ্যতামূলকভাবে বাস্তবায়নের কথা বলছে, তা সঠিক নয়।
বিজ্ঞাপন
তিনি স্পষ্ট করে বলেন, উচ্চকক্ষে পিআর পদ্ধতি এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের মতো দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি কখনোই সম্মত হয়নি। তার মতে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কেবল নির্বাচিত সংসদের মাধ্যমেই গ্রহণ করা উচিত।
সংস্কার প্রসঙ্গে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি জানান, দলটি সবসময়ই কাঠামোগত সংস্কারের পক্ষে। তবে সংস্কারের নামে রাজনৈতিক অস্থিরতা তৈরি করার কোনো উদ্যোগকে তারা সমর্থন করে না। বিশেষ করে কিছু রাজনৈতিক শক্তির আন্দোলন দেশের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
দেশের বর্তমান প্রশাসনিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, অতীতের শাসনামলে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে রাষ্ট্রীয় কাঠামো দুর্বল হয়ে পড়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও দুর্নীতি ও অনিয়মের প্রভাব রয়ে গেছে, যা রাষ্ট্র পরিচালনাকে জটিল করে তুলছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দীর্ঘ সময়ের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে অর্থনীতি ও সামাজিক কাঠামোতে নেতিবাচক প্রভাব পড়েছে, যা থেকে উত্তরণে রাজনৈতিক ও সামাজিক ঐক্য জরুরি।
স্মরণসভায় আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল লতিফসহ বিভিন্ন অতিথিরা।








