Logo

বিতর্ক ভালো, তবে অপপ্রচার ও মিথ্যা ভালো না: মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ মে, ২০২৬, ১৬:০২
বিতর্ক ভালো, তবে অপপ্রচার ও মিথ্যা ভালো না: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

রাজনৈতিক অঙ্গনে মতবিরোধ ও তর্ক-বিতর্ক ভালো হলেও অপপ্রচার এবং মিথ্যা তথ্য ছড়িয়ে তা রাজনৈতিকভাবে ব্যবহার করা কখনোই ভালো নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

শনিবার (২ মে) রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে সংগ্রাম, ত্যাগ ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক বাস্তবতায় একটি পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের পেছনে ছাত্র-যুবসমাজসহ বিভিন্ন স্তরের মানুষের ত্যাগ রয়েছে, যা নতুন করে দেশ গঠনের একটি সুযোগ তৈরি করেছে।

বিজ্ঞাপন

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন ইস্যু—বিশেষ করে জুলাই সনদ ও সংবিধান সংশোধন নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। তার মতে, এসব বিষয়ে মতবিনিময় ইতিবাচক হলেও ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানো বা অপপ্রচার চালানো পরিস্থিতিকে জটিল করে তোলে।

তিনি দাবি করেন, জুলাই সনদ প্রণয়নের প্রতিটি ধাপেই বিএনপি সক্রিয়ভাবে অংশ নিয়েছিল এবং দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরও করা হয়েছে। একইসঙ্গে, যেসব বিষয়ে দলটির ভিন্নমত ছিল, সেগুলো ‘নোট অব ডিসেন্ট’ আকারে উপস্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল আরও বলেন, কিছু প্রস্তাবনায় বিএনপি একমত হয়নি—বিশেষ করে নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি। এ ধরনের প্রস্তাবের কোনো সাংবিধানিক নজির নেই। বরং নির্বাচিত সংসদ সদস্যরাই সংসদ গঠন করে প্রয়োজনীয় সংস্কার বা সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নেবে—এটাই তাদের অবস্থান।

তিনি অভিযোগ করেন, এসব বিষয় নিয়ে বর্তমানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য সহায়ক নয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD