সরকারি সফরে দেশ ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সরকারি সফরে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১ মে) গভীর রাতে তিনি এই সফরে রওনা হন, যা আগামী সাত দিনব্যাপী চলবে।
বিজ্ঞাপন
দলীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় তিনটার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে জাপানের উদ্দেশে যাত্রা করেন তিনি। এই সফরে তার সঙ্গে রয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
আরও পড়ুন: হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকালে ডা. শফিকুর রহমান জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করবেন। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বিভিন্ন সহযোগিতামূলক উদ্যোগ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
আগামী ৯ মে তার দেশে ফেরার কথা রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পর বিরোধীদলীয় নেতা হিসেবে এটি তার উল্লেখযোগ্য বিদেশ সফরগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বিরোধীদলের কূটনৈতিক যোগাযোগ আরও জোরদার হতে পারে।








