Logo

আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই: নজরুল ইসলাম খান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ মে, ২০২৬, ১৫:৪৭
আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই: নজরুল ইসলাম খান
ছবি: সংগৃহীত

দেশের প্রচলিত আইন অমান্য করে কোনো দলের রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি বলেন, আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য এবং কোনো দলই এর ঊর্ধ্বে নয়।

বিজ্ঞাপন

শনিবার (২ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান জানান, কোনো দল যদি আইনবিরোধী কর্মকাণ্ডে জড়ায়, তবে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে—সে দল বিএনপি হলেও এর ব্যতিক্রম হবে না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিএনপি যদি অতীতে পতিত স্বৈরাচার সরকারের মতো আচরণ করে, তাহলে তাদের বিরুদ্ধেও একইভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার আইন নিয়ে বিএনপি উদ্বিগ্ন নয় বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, বর্তমান সরকার জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবে না—এমন বিশ্বাস থেকেই দলটি এ বিষয়ে নিশ্চিন্ত রয়েছে। তবে বিএনপি আইন ভঙ্গ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তারা আপত্তি করবে না বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, এ ধরনের কার্যক্রম প্রতিরোধের দায়িত্ব আইন-শৃঙ্খলা বাহিনীর। বিএনপি কোনো বিচারক বা প্রয়োগকারী সংস্থা নয়, বরং রাজনৈতিকভাবে জনগণের সামনে অতীত সরকারের অপকর্ম তুলে ধরা তাদের কাজ।

দলের অভ্যন্তরীণ কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, বিগত সময়ে রাজনৈতিক প্রতিকূলতার কারণে বিএনপির কাউন্সিল আয়োজন সম্ভব হয়নি। তবে শিগগিরই দল ও এর অঙ্গসংগঠনগুলোর কাউন্সিল আয়োজন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনসহ বিএনপির কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD