Logo

শাপলা চত্বরের ঘটনা দেশের ইতিহাসে বেদনাদায়ক ও কলঙ্কজনক অধ্যায়

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ মে, ২০২৬, ১১:৪৮
শাপলা চত্বরের ঘটনা দেশের ইতিহাসে বেদনাদায়ক ও কলঙ্কজনক অধ্যায়
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ফাইল ছবি

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরের ঘটনাকে ঘিরে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ওই দিনের ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন জরুরি।

বিবৃতিতে তিনি শাপলা চত্বরের ঘটনাকে দেশের ইতিহাসের ‘বেদনাদায়ক ও কলঙ্কজনক অধ্যায়’ হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, এ ঘটনা জাতির বিবেককে নাড়া দিয়েছে এবং তা মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ ঘটনার নিরপেক্ষ ও কার্যকর বিচার সম্পন্ন হয়নি। ফলে ভুক্তভোগী পরিবারগুলো এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত এবং এ নিয়ে জনমনে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একটি সভ্য রাষ্ট্রে এ ধরনের পরিস্থিতি গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত—এ অধিকার দমনে শক্তি প্রয়োগও সমর্থনযোগ্য নয়।

বিজ্ঞাপন

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সত্য উদঘাটন এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার ওপর জোর দেন তিনি।

বিবৃতির শেষে দেশবাসীর প্রতি শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD