শাপলা চত্বরের হত্যাকাণ্ড বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বিজ্ঞাপন
আজ ৫ মে—২০১৩ সালের শাপলা চত্বর ঘটনাকে ‘ভয়াবহ ও বেদনাদায়ক’ উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ওই দিন একটি শান্তিপূর্ণ গণআন্দোলন কঠোর দমন-পীড়নের শিকার হয় এবং অসংখ্য নিরীহ মানুষের রক্তে শাপলা চত্বর রঞ্জিত হয়।
তিনি লেখেন, ওই রাতের স্মৃতি জাতির হৃদয়ে এখনো দগদগে ক্ষত হয়ে আছে। এই অধ্যায় ভুলে যাওয়ার নয়, বরং এটি জাতিকে দায়িত্ববোধের কথা মনে করিয়ে দেয়।
বিজ্ঞাপন
নিজের অভিজ্ঞতা তুলে ধরে মামুনুল হক বলেন, ৫ মে গাবতলী পয়েন্টে নায়েবে আমিরের দায়িত্বে ছিলেন তিনি। পরে শাপলা চত্বর অভিমুখে মিছিল নিয়ে যাত্রা শুরু হয়। তার দাবি, বিভিন্ন পয়েন্ট থেকে লাখ লাখ মানুষ শাপলা চত্বরে জমায়েত হয়। সেই সময় সহিংসতা ছড়িয়ে পড়ে গুলিস্তান, জিরো পয়েন্ট, প্রেসক্লাব, পল্টন, দৈনিক বাংলা ও বিজয় নগরসহ বিভিন্ন এলাকায়। রাত গভীর হলে ব্ল্যাকআউট পরিস্থিতির মধ্যে যৌথ বাহিনীর অভিযান শুরু হয় এবং প্রতিরোধের চেষ্টা ব্যর্থ হয় বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় এই ঘটনার শহীদদের নিয়ে কোনো প্রামাণ্য কাজ করা সম্ভব হয়নি। তবে পরবর্তী সময়ে শাপলা স্মৃতি সংসদের মাধ্যমে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং তথ্য সংগ্রহ ও সংরক্ষণের কাজ চলছে।
বিজ্ঞাপন
বিভিন্ন সংগঠন শাপলা কেন্দ্রিক কর্মসূচি গ্রহণ করায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি বলেন, হেফাজতে ইসলাম, খেলাফত ছাত্র মজলিস, যুব মজলিস, ছাত্র শিবির, ছাত্র জমিয়ত, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন ছাত্র সংসদ এ বিষয়টি নিয়ে কর্মসূচি পালন করছে, যা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত।
মামুনুল হক বলেন, শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।








