Logo

ভারতে কোন দল ক্ষমতায় আসলো তা দেখার বিষয় নয়: গয়েশ্বর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ মে, ২০২৬, ১৭:০৫
ভারতে কোন দল ক্ষমতায় আসলো তা দেখার বিষয় নয়: গয়েশ্বর
ছবি: সংগৃহীত

ভারতে কোন দল ক্ষমতায় এসেছে, সে বিষয়ে এখনই প্রতিক্রিয়া জানানোর সময় হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের শ্রদ্ধা রয়েছে এবং সেই বিষয়টি বিবেচনায় রেখেই অবস্থান নেওয়া উচিত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পশ্চিমবঙ্গের জনগণ তাদের সরকার নির্বাচিত করেছে, তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য না করে নিজ দেশের স্বার্থকেই গুরুত্ব দেওয়ার কথা জানান গয়েশ্বর চন্দ্র রায়।

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ভারতে কোন দল ক্ষমতায় আসলো তা দেখার বিষয় নয়, স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করি তাই যেই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক এক থাকবে। ভারতের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নেতা নির্বাচন করেছেন, নির্বাচিতদের অভিনন্দন জানাই।

তিনি বলেন, সরকারকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে হবে। নারী নেতৃত্বকে আরও গুরুত্ব দিতে হবে। এখন আর একদলীয় শাসন ব্যবস্থা নেই, যা ইচ্ছা তা করা যাবে না। বিরোধী দলের সমালোচনার অবস্থান থেকেও দেশ পরিচালনায় গুরুত্ব পাবে।

বিজ্ঞাপন

এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী বলেন, ভবিষ্যতের রাজনীতি হবে জনগণের চাহিদা ও ভাবনার ভিত্তিতে। তিনি আশা প্রকাশ করেন, দেশের পররাষ্ট্রনীতি জনগণের স্বার্থকে কেন্দ্র করে নির্ধারিত হবে এবং সেই স্বার্থের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD