Logo

উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী ঘোষণার সময় জানালেন এনসিপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ মে, ২০২৬, ১৭:৩৬
উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী ঘোষণার সময় জানালেন এনসিপি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১০ মে’র মধ্যে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে সমর্থিত প্রার্থীদের তালিকা ঘোষণা করবে বলে জানিয়েছেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশের পরিকল্পনা থাকলেও কিছু কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দলীয় যোগদান উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে সারজিস আলম জানান, ৩০ এপ্রিলের মধ্যে ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী দেওয়ার পরিকল্পনা ছিল এনসিপির। তবে ব্যক্তিগত ও সাংগঠনিক কিছু জটিলতার কারণে সেই সময়সীমা পরিবর্তন করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এখন নতুন করে নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১০ মে’র মধ্যে উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদে প্রাথমিকভাবে সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সারজিস আলম আরও জানান, চলতি মাসের মধ্যেই দেশের সাতটি সিটি করপোরেশনের জন্য এনসিপি সমর্থিত মেয়র প্রার্থীদের নামও ঘোষণা করা হবে। তিনি বলেন, বর্তমানে দলটি একটি ১১ দলীয় জোটের অংশ হিসেবে বিরোধী রাজনীতিতে সক্রিয় রয়েছে এবং সংসদেও ভূমিকা রাখছে। একই সঙ্গে এনসিপি নিজেদের সাংগঠনিক ও রাজনৈতিক শক্তি বাড়াতে এককভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, এ প্রক্রিয়ার অংশ হিসেবে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে প্রতিটি স্থানে নিজেদের প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

এ সময় তিনি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সমালোচনা করে বলেন, নির্বাচন পেছানোর প্রবণতা দেখা যাচ্ছে এবং তা ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত নেওয়ার পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে। ইতোমধ্যে জেলা পরিষদ ও সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সারজিস আলম বলেন, বর্তমানে উপজেলা পর্যায়ে নির্বাচিত চেয়ারম্যান না থাকায় প্রশাসনিক কার্যক্রমেও প্রভাব পড়ছে। একই সঙ্গে উপজেলা পরিষদ বিলুপ্ত করার চেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন। তার মতে, এ ধরনের উদ্যোগ ক্ষমতা কেন্দ্রীভূত করার প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে এবং তা দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সিটি করপোরেশন, উপজেলা ও পৌরসভা নির্বাচন চলতি বছরের মধ্যেই আয়োজন করা উচিত। এতে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে এবং স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিত্ব নিশ্চিত হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD