Logo

শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন যখন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ মে, ২০২৬, ২০:৪০
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন যখন
মির্জা আব্বাস | ফাইল ছবি

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন দলীয় সূত্র। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি অনেকটাই সুস্থ এবং পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন।

পারিবারিক সূত্র জানায়, চিকিৎসাধীন অবস্থায় তিনি এখন স্বাভাবিকভাবে খাবার গ্রহণ ও চলাফেরা করতে সক্ষম হয়েছেন। উন্নত চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত ফিজিওথেরাপি নিচ্ছেন তিনি। এ লক্ষ্যে গত ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ায় নেওয়া হয় এবং সেখানকার একটি বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

এর আগে গত ১১ মার্চ রাজধানীতে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সর্বশেষ চিকিৎসার ধারাবাহিকতায় বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন।

চিকিৎসকদের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থার ধারাবাহিক উন্নতি হওয়ায় পরিবার ও দলীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এখন চিকিৎসকদের চূড়ান্ত পরামর্শ অনুযায়ীই তার দেশে ফেরার সময় নির্ধারণ করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD