‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসের উদ্দেশে নাসীরুদ্দীন

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল। এ খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। এর মধ্যে একটি ফটোকার্ড শেয়ার করে বিশেষ বার্তা দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
বিজ্ঞাপন
বুধবার (৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন মির্জা আব্বাস বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেও জানান তিনি।
মির্জা আব্বাসের সুস্থতার খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তাকে নিয়ে তৈরি একটি ফটোকার্ড নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
বিজ্ঞাপন
পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “ফাইট দ্য অডস অ্যান্ড কামব্যাক কমরেড।” তার এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য প্রথমে তাকে সিঙ্গাপুর এবং পরে মালয়েশিয়ায় নেওয়া হয়।
বিজ্ঞাপন
মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বরাতে বিএনপির মিডিয়া সেল জানায়, তিনি এখন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী, আসন্ন ঈদুল আজহার আগেই দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।








