যুবদলে নেতৃত্ব পরিবর্তনের হাওয়া, আলোচনায় আকরামুল হাসান

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে মেরুকরণ তৈরি হয়েছে। বিএনপির হাইকমান্ড রাজপথের ত্যাগী ও সক্রিয় নেতাদের সমন্বয়ে শক্তিশালী কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
এই প্রক্রিয়ায় সংগঠনের ভবিষ্যৎ সাধারণ সম্পাদক হিসেবে আলোচনার শীর্ষে উঠে এসেছেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু। তৃণমূল পর্যায়ে তার প্রতি সমর্থনও বাড়ছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।
সূত্রগুলো বলছে, যুবদলের নতুন নেতৃত্বে আসার সম্ভাব্য তালিকায় আরও কয়েকজন সংগঠকের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে আছেন মামুন হাসান, গোলাম মাওলা শাহীন, রেজাউল কবীর পল ও বিল্লাল হোসেন তারেক।
বিজ্ঞাপন
তবে দলীয় পর্যবেক্ষকদের মতে, সাধারণ সম্পাদক পদে আকরামুল হাসান মিন্টুর প্রতি তৃণমূল কর্মীদের আগ্রহ তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা যাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষক ও মাঠপর্যায়ের কর্মীরা বলছেন, আকরামুল হাসান মিন্টুর সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা তাকে আলাদা অবস্থানে নিয়ে গেছে।
তার বিষয়ে নেতাকর্মীদের মূল্যায়ন—তিনি সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন এবং দলের সব স্তরের নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ বজায় রাখেন।
বিজ্ঞাপন
ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সময় কঠিন পরিস্থিতিতেও সারাদেশে সংগঠনকে সক্রিয় রাখার অভিজ্ঞতাও তার বড় শক্তি হিসেবে দেখা হচ্ছে।
এছাড়া রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে হামলা-মামলা ও কারাবরণের মধ্যেও রাজপথে তার উপস্থিতি তাকে আরও বেশি গ্রহণযোগ্য করেছে বলে দাবি করা হচ্ছে।
বিজ্ঞাপন
যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মনে করছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যবদ্ধ ও শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। তাদের মতে, অভিজ্ঞ ও ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠন হলে সংগঠন আরও গতিশীল হবে।








