Logo

মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে: মাহফুজ আলম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ জুন, ২০২৬, ১৬:০৪
মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে: মাহফুজ আলম
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম | ফাইল ছবি

আওয়ামী লীগের ইতিহাস, রাজনৈতিক বিবর্তন এবং আদর্শিক অবস্থান নিয়ে কঠোর সমালোচনামূলক মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি দাবি করেছেন, যে রাজনৈতিক দর্শন ও লক্ষ্য নিয়ে আওয়ামী লীগের জন্ম হয়েছিল, সময়ের সঙ্গে দলটি সেই মূলধারা থেকে সরে গেছে।

বিজ্ঞাপন

বুধবার (২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে মাহফুজ আলম আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন ইতিহাস, পূর্ব পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলন এবং বাঙালি জাতীয়তাবাদের বিকাশ নিয়ে নিজের মতামত তুলে ধরেন। একই সঙ্গে তিনি বর্তমান আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, পূর্ব পাকিস্তান আন্দোলন এবং অখণ্ড বাংলার ধারণা বাস্তবায়িত না হওয়ার প্রেক্ষাপট থেকেই আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়েছিল। তাঁর মতে, ওই সময়কার রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক আন্দোলনই পরবর্তীকালে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

মাহফুজ আলম বলেন, অর্থনীতিবিদ মোহাম্মদ আব্দুস সাদেক ছিলেন সেই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চিন্তাবিদ, যিনি দেশভাগের আগেই পূর্ব বাংলার সম্ভাব্য অর্থনৈতিক কাঠামো নিয়ে বিশ্লেষণ করেছিলেন। তিনি আরও দাবি করেন, পরবর্তীকালে বহুল আলোচিত ‘দুই অর্থনীতি’ তত্ত্বের প্রাথমিক ধারণাও সাদেকের লেখালেখিতে উঠে আসে, যা পরে ছয় দফা আন্দোলনের বুদ্ধিবৃত্তিক ভিত্তি হিসেবে বিবেচিত হয়।

সাবেক এই উপদেষ্টা তাঁর পোস্টে আরও লেখেন, মোহাম্মদ আব্দুস সাদেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিককার বাঙালি মুসলিম অর্থনীতি স্নাতকদের একজন ছিলেন এবং পরে ইসলামিয়া কলেজে শিক্ষকতা করেন। সেই সময় শেখ মুজিবুর রহমান ওই কলেজে অধ্যয়নরত ছিলেন বলেও তিনি উল্লেখ করেন।

আওয়ামী লীগের অতীত রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে মাহফুজ আলম দাবি করেন, স্বাধীনতার আগে দলটি অখণ্ড ভারত ও অখণ্ড পাকিস্তান—উভয় ধারণারই বিরোধিতা করেছিল। তবে পরবর্তী সময়ে রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন এবং বিভিন্ন সিদ্ধান্তের কারণে দলটির আদর্শিক চরিত্রে পরিবর্তন এসেছে বলে তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ইতিহাসের বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে নতুন করে মূল্যায়ন প্রয়োজন। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠাকালীন রাজনৈতিক দর্শন ও পরবর্তী সময়ের কর্মকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়।

মাহফুজ আলম তাঁর পোস্টে ১৯৬৯ সালের ৫ ডিসেম্বরের একটি ঐতিহাসিক ঘটনারও উল্লেখ করেন। তিনি বলেন, সেদিনই ‘বাংলাদেশ’ নামটি আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছিল। একইসঙ্গে তিনি মন্তব্য করেন, পুরান ঢাকার ১৫০ নম্বর মোগলটুলী থেকে যে রাজনৈতিক যাত্রার সূচনা হয়েছিল, সেই আওয়ামী লীগ বর্তমানে বিক্রি হয়ে গেছে।

বিজ্ঞাপন

পোস্টের শেষাংশে তিনি আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক ভূমিকা, গণতন্ত্র, অর্থনীতি এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্যবিষয়ক বিভিন্ন ইস্যুতে সমালোচনামূলক মন্তব্য করেন। তাঁর দাবি, জনগণ দলটির বর্তমান রাজনৈতিক অবস্থানকে সমর্থন করেনি এবং সে কারণেই আওয়ামী লীগ জনসমর্থন হারিয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD