জামায়াত আমিরের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেটে। বৈঠকে দুই দেশের সম্পর্ক, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে অবস্থিত বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল অ্যাটাশে এমিলি পালাউয়ান।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় বাংলাদেশে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক চর্চার বিকাশ, সাংবিধানিক প্রতিষ্ঠানের কার্যকারিতা এবং মানবাধিকার পরিস্থিতি গুরুত্বের সঙ্গে উঠে আসে।
বিজ্ঞাপন
বৈঠকে অংশগ্রহণকারীরা সুশাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারের বিষয়েও মতবিনিময় করেন। একই সঙ্গে আইনের শাসন সুদৃঢ় করা এবং দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
আলোচনায় বিদেশি বিনিয়োগ বৃদ্ধির পরিবেশ তৈরির বিষয়টিও গুরুত্ব পায়। বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শক্তিশালী আইনি কাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
ডা. শফিকুর রহমান বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ফ্রান্সের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনাও আলোচনা করা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার আগ্রহ প্রকাশ করেন।
এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।








