রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন অলি আহমদ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ। একই সঙ্গে রাজনৈতিক বিভাজন ও দলীয়-গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠে নতুন রাষ্ট্রপতি সব নাগরিকের জন্য দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক প্রতিক্রিয়ায় অলি আহমদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানাচ্ছেন তিনি। তার মতে, দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন নানা সীমাবদ্ধতা অতিক্রম করে অনুষ্ঠিত হয়েছে।
অলি আহমদ বলেন, রাজনৈতিক বিভক্তি কিংবা কোনো দল বা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে নতুন রাষ্ট্রপতি দেশের সব নাগরিকের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন—এটাই তার প্রত্যাশা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন বলে আশা করছে ১১ দলীয় জোট।
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নেও নতুন রাষ্ট্রপতি কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন অলি আহমদ।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা এবং জনগণের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের ওপরও গুরুত্ব দেন তিনি। নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও সুসংহত হবে বলেও আশা প্রকাশ করেন অলি আহমদ।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।








