নতুন করে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার (২৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এতে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানান রিজভী।
এ ছাড়া ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কর্মসূচির অংশ হিসেবে সুবিধাজনক সময়ে সারা দেশে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও পালন করা হবে।
মৎস্য অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করবেন দলের নেতা হাবিব উন নবী খান সোহেল। আর বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে রুহুল কবীর রিজভী বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসন, নিপীড়ন ও নির্যাতনের পরও বিএনপিকে পরাস্ত করা সম্ভব হয়নি।
দলের প্রতিষ্ঠাতার অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্বের সুরক্ষা ও গণতন্ত্রের প্রত্যয় সামনে রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।
বিজ্ঞাপন
রিজভীর দাবি, জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যায় এবং নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা এসব সাফল্য মেনে নিতে পারেনি বলেই তাকে নির্মমভাবে হত্যা করা হয় বলে মন্তব্য করেন তিনি।
এ ছাড়া এরশাদ সরকারের সময় থেকে শুরু করে দীর্ঘদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আপসহীনভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে গেছেন বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।








