Logo

গুমের অধ্যাদেশে আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: সারজিস আলম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট, ২০২৬, ১৮:৩৭
গুমের অধ্যাদেশে আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: সারজিস আলম
ছবি: সংগৃহীত

গুমের অধ্যাদেশ প্রণয়নে বিএনপি আওয়ামী লীগ সরকারের সময়কার কাঠামোর পথেই এগোচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি দাবি করেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা ও সংস্কারের প্রতিশ্রুতির সঙ্গে তাদের বর্তমান কর্মকাণ্ডের সামঞ্জস্য নেই।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফেনী শহরের একটি হোটেলে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সারজিস আলম।

তিনি বলেন, গুমের অধ্যাদেশে আরও সংস্কার, যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় সংযোজন করে এটি জনগণের জন্য কার্যকর করা হবে—এমন প্রত্যাশা ছিল। কিন্তু সম্প্রতি যে অধ্যাদেশ আনা হয়েছে, সেটি আওয়ামী লীগ সরকারের সময়কার আইনের মতো, এমনকি কিছু ক্ষেত্রে তার চেয়েও দুর্বলভাবে তৈরি করা হয়েছে। অধ্যাদেশটি বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপনের কথা রয়েছে বলেও জানান তিনি।

বিএনপির ৩১ দফাকে ‘মুখের বুলি’ আখ্যা দিয়ে সারজিস বলেন, মানবাধিকার সংশ্লিষ্ট যেসব অধ্যাদেশ তারা বাতিল করেছে, সেগুলোও আবার আগের কাঠামোয় ফিরিয়ে আনা হচ্ছে। যেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা সংস্থার বিরুদ্ধে গুমের অভিযোগ রয়েছে, তাদের দিয়েই মামলা, অভিযোগ ও তদন্তের ব্যবস্থা রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

সারজিস আলমের ভাষ্য, বিএনপি আগের কাঠামো ও ব্যবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে তারা যে প্রতিশ্রুতি দিয়ে আসছে এবং ৩১ দফায় যেসব সংস্কারের কথা বলেছে, বাস্তব কর্মকাণ্ডের সঙ্গে সেগুলোর মিল নেই বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জুলাই সনদ অনুযায়ী বিরোধী দলকে সংসদের ১৩টি স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়ার কথা থাকলেও বিএনপি তা করছে না বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা। তাঁর দাবি, বিভিন্ন ক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যেখানে কোনো সিদ্ধান্তে অংশ নিলেও সমালোচনার সুযোগ থাকছে, আবার অংশ না নিলেও দোষারোপ করা যায়।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গেও বিএনপির সমালোচনা করেন সারজিস। তিনি বলেন, জুলাই সনদের আলোকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের প্রতিফলন ঘটিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করার সুযোগ বিএনপির সামনে ছিল। কিন্তু তারা তা করেনি। বিরোধী দল গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে নির্বাচনে অংশ নেওয়ার পরও এখন প্রশ্ন তোলা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডকে তিনি ‘ফাঁদ’ হিসেবে উল্লেখ করেন।

স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির অংশগ্রহণের বিষয়ে সারজিস আলম বলেন, আপাতত দলটি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন এলাকায় একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। কোথাও প্রত্যাশিত ভোট না পেলেও শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলাই তাদের লক্ষ্য বলে জানান তিনি।

সভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত, জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্যসচিব শাহ ওয়ালি উল্লাহ মানিকসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD