Logo

শর্ত পূরণ হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে: রাশেদ খাঁন

profile picture
জেলা প্রতিনিধি
ঝিনাইদহ
২৯ আগস্ট, ২০২৬, ১৯:১০
শর্ত পূরণ হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে: রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত শেখ হাসিনা এবং শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারত ইতিবাচক অবস্থান নিলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বিজ্ঞাপন

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ভারত দীর্ঘদিন ধরে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে সমর্থন করেছে। তবে বাংলাদেশের প্রত্যাশা ছিল, দুই দেশের সরকারের সম্পর্কের পাশাপাশি ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যেও পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। তার মতে, বাস্তবে দীর্ঘদিন এর বিপরীত চিত্র দেখা গেছে।

গণঅভ্যুত্থানের পর ভারতের অবস্থান ও বক্তব্যে কিছুটা পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, দেশটির নতুন হাইকমিশনার বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের সম্পর্ক জোরদারের কথা বলেছেন। বাংলাদেশের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির প্রতি ভারতও আগ্রহ দেখালে দুই দেশের সম্পর্ক নতুন ভিত্তিতে এগোতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাশেদ খাঁনের ভাষ্য, “যদি ভারত ধারণ করতে চায়, তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই তিনি ভারত সফরে যাবেন।”

বিজ্ঞাপন

তবে সফরের আগে বাংলাদেশ সরকারের উত্থাপিত বিষয়গুলোতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। বিশেষ করে শেখ হাসিনা ও ওসমান হাদীর হত্যাকাণ্ডে অভিযুক্তদের ফেরত দেওয়ার বিষয়ে ভারতের মনোভাব জানতে চায় বাংলাদেশ—এমন বক্তব্য দেন তিনি।

ভারতের আচরণে দ্বৈততার অভিযোগ তুলে রাশেদ খাঁন বলেন, একদিকে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়া এবং অন্যদিকে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো একই সঙ্গে গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সম্মান ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চায়। আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে যে ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল, সেটিকে তিনি সমর্থন করেন না।

বিজ্ঞাপন

সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ, পুশইন বন্ধ এবং বাংলাদেশের সঙ্গে কর্তৃত্বমূলক আচরণ পরিহারেরও আহ্বান জানান তিনি।

রাশেদ খাঁন বলেন, ভারতের হাইকমিশনারের সাম্প্রতিক বক্তব্যগুলো ইতিবাচক। ভারত যদি শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ পলাতক আসামিদের বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে এবং শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডে জড়িতদের ফেরত দেওয়ার ক্ষেত্রেও সহযোগিতার অবস্থান নেয়, তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন।

তবে আলোচনায় অগ্রগতি না হলে জনগণের মতামত ও প্রত্যাশার বাইরে গিয়ে ভারত সফরের সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাশেদ খাঁন বলেন, “এই আলোচনা যদি ফলপ্রসূ না হয়, সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের সিদ্ধান্তের বাইরে গিয়ে, জনগণের মতামতের বাইরে গিয়ে, জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে ভারত সফরে গেলে জনগণ ভালোভাবে নেবে না।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিএনপি জনগণের মতামতের বাইরে গিয়ে রাজনীতি করতে পারে না। তাই ভারত সফরের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জেলা প্রশাসক মো. নোমান হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD