টঙ্গীতে থানার অভ্যন্তরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

গাজীপুরের টঙ্গীতে পৃথক অভিযান চালিয়ে ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে টঙ্গী পশ্চিম থানায় পাঁচজন এবং টঙ্গী পূর্ব থানায় একজনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
রবিবার (৩০ আগস্ট) গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রস্তুতির সময় টঙ্গী পূর্ব থানার ভেতরে অপেক্ষমাণ কয়েকজন স্বজন ও সমর্থককে রাজনৈতিক স্লোগান দিতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তাদের মধ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা’ স্লোগান দেওয়ার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারদের গাড়িতে তোলার সময় থানার অভ্যন্তরে এ ধরনের স্লোগান দেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণাধীন একটি স্থানে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি এ ঘটনায় থানার নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা তৈরি হয়েছে।
ঘটনার সময় কয়েকজন গণমাধ্যমকর্মী ভিডিও ধারণ করেন। তাদের কয়েকজনের দাবি, পরে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সংশ্লিষ্ট সহকারী পুলিশ কমিশনার (এসি) মোবাইল ফোন থেকে ওই স্লোগানের ভিডিও মুছে দিতে বলেন। তাদের ভাষ্য অনুযায়ী, কয়েকটি ভিডিও মুছেও ফেলা হয়। তবে ভিডিও মুছে দেওয়ার অভিযোগের কারণ বা পুরো ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয়দের প্রশ্ন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণাধীন থানার ভেতরে প্রকাশ্যে রাজনৈতিক স্লোগান দেওয়ার সুযোগ কীভাবে তৈরি হলো। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের ধারণ করা ভিডিও মুছে দেওয়ার অভিযোগ সত্য হলে, তার কারণও স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করছেন তারা।
টঙ্গী পশ্চিম থানায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বড় দেওরা এলাকার মন্ডল মার্কেটের বাসিন্দা মো. ফারুক (২৮), শেরপুরের ঝিনাইগাতী এলাকার আলামিন (৩১), নোয়াখালীর মাইজদী এলাকার সাকিবুল হোসেন ওরফে শাকিব (১৯), ঢাকার দোহার এলাকার শিহাব (২৭) এবং নেত্রকোনার মোহনগঞ্জ এলাকার মিনহাজ মাসুম (২৮)।
বিজ্ঞাপন
পুলিশের তথ্য অনুযায়ী, ফারুক ছাত্রলীগের সদস্য, আলামিন ছাত্রলীগের সক্রিয় সদস্য, সাকিবুল হোসেন ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি এবং মিনহাজ মাসুম গাজীপুর মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য। গ্রেপ্তার শিহাবের কোনো সাংগঠনিক পদ উল্লেখ করা হয়নি।
অন্যদিকে, টঙ্গী পূর্ব থানার মরকুন মাস্টারপাড়া এলাকার বাসিন্দা মো. মতিনকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়াও চলছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কঠোরভাবে দায়িত্ব পালন করছে। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।








