Logo

রাষ্ট্র কার্যকর ব্যবস্থা নিতে পারছে না বলে ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৬, ১৪:২৭
রাষ্ট্র কার্যকর ব্যবস্থা নিতে পারছে না বলে ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে
ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় ইশরাক হোসেনকে অস্ত্র হাতে মাঠে নামতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। একই সঙ্গে মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত সুরক্ষা এবং অপরাধ দমনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আখতার হোসেন।

আখতার হোসেন বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। বিভিন্ন এলাকায় মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো অপরাধের ঘটনা ঘটছে। তাঁর মতে, ইশরাক হোসেনকে ঘিরে সাম্প্রতিক ঘটনাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন সামনে এনেছে।

তিনি অভিযোগ করেন, মাদক নির্মূলে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থা কার্যকর ভূমিকা রাখতে পারছে না। একইভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

দেশের সীমান্ত সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এনসিপির এই নেতা বলেন, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাঁর অভিযোগ, সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক প্রবেশের পথ বন্ধ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর উদ্যোগ যথেষ্ট নয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আখতার হোসেনের মতে, শুধু ইশরাক হোসেনের পদত্যাগের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিশ্চিত হবে না। অপরাধ নিয়ন্ত্রণে সরকারকে বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ইশরাক হোসেনের পদত্যাগের পেছনে অন্য কোনো রাজনৈতিক কারণ রয়েছে কি না, সে প্রশ্নও তুলেছেন আখতার হোসেন। তাঁর বক্তব্য, বিষয়টি কি শুধু অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নামার সঙ্গে সম্পর্কিত, নাকি এর পেছনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেরও কোনো ভূমিকা রয়েছে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নিতে হবে। সীমান্ত সুরক্ষিত করার পাশাপাশি মাদক প্রবেশ বন্ধ এবং অপরাধ দমনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।

আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, তা থেকে উত্তরণের জন্য সরকারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে। শুধু আইওয়াশ বা ইশরাকের পদত্যাগের মতো ঘটনার মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না।’

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার বিষয়গুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে কেবল আনুষ্ঠানিক পদক্ষেপ নয়, বাস্তব ফলাফল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞাপন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের কাছে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে বক্তব্য শেষ করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD