দিনের আলোতেই দেখা মিলল জিলকদ মাসের চাঁদ

দিনের আলোতেই আকাশে ধরা পড়ল নতুন চাঁদ। সংযুক্ত আরব আমিরাতে এমন বিরল ঘটনার মধ্য দিয়ে শুরু হয়েছে হিজরি ১৪৪৭ সনের পবিত্র জিলকদ মাস। এই চাঁদ পর্যবেক্ষণের ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীরা আসন্ন জিলহজ মাস ও সম্ভাব্য ঈদুল আজহার সময়সূচিও জানিয়ে দিয়েছেন।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টায় এই চাঁদের ছবি ধারণ করা সম্ভব হয়। কেন্দ্রের বিশ্লেষণে দেখা যায়, সে সময় চাঁদের বয়স ছিল ১৬ দশমিক ৫ ঘণ্টা এবং এটি সূর্য থেকে প্রায় ১১ দশমিক ৭ ডিগ্রি দূরে অবস্থান করছিল।
আরও পড়ুন: এক বছরেই ঈদ হবে তিনটি, দুবার আসবে রমজান
ঐতিহাসিক এই চাঁদের ছবি ধারণ করেন জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদা। এ অভিযানে তাকে সহযোগিতা করেন পর্যবেক্ষণ কেন্দ্রের গবেষক দলের সদস্য খালফান আল নাইমি, ওসামা ঘানিম এবং আনাস মুহাম্মদ।
বিজ্ঞাপন
এই চাঁদ দেখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার ক্ষণ-গণনা শুরু হয়ে গেছে। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ২০২৬ সালে পবিত্র ঈদুল আজহা শুরু হতে পারে ২৭ মে বুধবার। সেক্ষেত্রে হজের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ পবিত্র আরাফাত দিবস হতে পারে ২৬ মে মঙ্গলবার।
যদিও সব ইসলামিক উৎসবের মতো জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে, তবে বর্তমান হিসাব অনুযায়ী আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বাসিন্দারা আগামী মাসে দীর্ঘ একটি ছুটির অপেক্ষায় রয়েছেন।
বিজ্ঞাপন
সাধারণত আরাফাত দিবস এবং ঈদুল আজহা উপলক্ষে টানা চার দিনের সরকারি ছুটি থাকে। তবে সাপ্তাহিক ছুটির হিসাব যোগ করলে এই ছুটি ৯ দিন পর্যন্ত দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর চাঁদ দেখা যায় এবং সেই অনুযায়ী ঈদসহ ধর্মীয় উৎসব পালিত হয়ে থাকে।
সূত্র : গালফ নিউজ








