Logo

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আটরশি দরবার শরীফে জনস্রোত

profile picture
উপজেলা প্রতিনিধি
ফরিদপুর
২৬ আগস্ট, ২০২৬, ১৬:৪৭
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আটরশি দরবার শরীফে জনস্রোত
ছবি: জনবাণী।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুরের সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে নেমেছে ধর্মপ্রাণ মানুষের ঢল। জিকির-আসকার, দরুদ-সালাম, মিলাদ ও দোয়ার ধ্বনিতে মুখর হয়ে উঠেছে পুরো দরবার শরীফ এলাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আশেকান-জাকেরান ও ভক্তদের উপস্থিতিতে সেখানে তৈরি হয়েছে এক আধ্যাত্মিক আবহ।

বিজ্ঞাপন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার দিনরাতব্যাপী বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। এ ‍দিন সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে ভক্ত ও অনুসারীরা আটরশি দরবার শরীফে আসেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের উপস্থিতি।

দিনব্যাপী ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার পাশাপাশি ফরজ, সুন্নত ও নফল নামাজ আদায়, জিকির-আসকার, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আগত আশেকান-জাকেরান ও ভক্তরা সম্মিলিতভাবে জিকির ও দরুদ-সালাম পাঠ করেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, শিক্ষা ও মানবতার প্রতি তাঁর অবদানের ওপর আলোচনা করেন আলেম ও ধর্মীয় ব্যক্তিরা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতজুড়ে দরবার শরীফে দফায় দফায় মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। গভীর রাত পর্যন্ত জিকির, দরুদ-সালাম ও ধর্মীয় আলোচনায় মুখর ছিল দরবার শরীফের পরিবেশ। বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক আশেকান-জাকেরান ও ভক্ত অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশের মধ্য দিয়ে পুরো আয়োজন সম্পন্ন হয়।

বুধবার (২৬ আগস্ট) দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও দেশের মানুষের শান্তি, নিরাপত্তা ও কল্যাণের পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করা হয়। বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনরাতব্যাপী ধর্মীয় কর্মসূচির সমাপ্তি ঘটে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD