Logo

ভারতের ঘটনার ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার: বাংলাফ্যাক্ট

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ এপ্রিল, ২০২৬, ১৪:০৮
ভারতের ঘটনার ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার: বাংলাফ্যাক্ট
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিও, যেখানে এক মাদরাসা শিক্ষার্থীকে মারধরের দৃশ্য দেখা যায়—তা বাংলাদেশে সংঘটিত ঘটনা নয় বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেকিং ইউনিট ‘বাংলাফ্যাক্ট’। প্রতিষ্ঠানটির যাচাইয়ে উঠে এসেছে, ভিডিওটি ভারতের একটি ঘটনার এবং সেটিকে নরসিংদীর ঘটনা বলে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাফ্যাক্ট জানায়, ভিডিওটি নরসিংদীর একটি মাদরাসার ঘটনা দাবি করে ছড়িয়ে দেওয়া হলেও প্রকৃতপক্ষে এটি ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর এলাকার একটি মাদরাসায় শিক্ষার্থী নির্যাতনের পুরোনো দৃশ্য।

গত ৩ এপ্রিল নরসিংদী শহরের ভেলানগর এলাকায় অবস্থিত একটি মাদরাসায় সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, গোসল করতে অস্বীকৃতি জানানোয় ওই শিশুকে নির্মমভাবে প্রহার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক নাজমুস সাকিবকে পুলিশ আটক করে। এরপরই সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়ে দাবি করা হয়, সেটিই নরসিংদীর ঘটনার চিত্র।

বিজ্ঞাপন

তবে বিষয়টি যাচাই করে বাংলাফ্যাক্ট নিশ্চিত করে, ভাইরাল ভিডিওটির সঙ্গে নরসিংদীর ঘটনার কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ ভিন্ন একটি দেশের ঘটনা, যা ভুল তথ্য হিসেবে প্রচার করা হয়েছে।

ফ্যাক্টচেকিং সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশকে কেন্দ্র করে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানোর প্রবণতা বেড়েছে। দেশ-বিদেশ থেকে পরিচালিত কিছু অ্যাকাউন্ট ও পেজ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন অপতথ্য ছড়ানো হচ্ছে বলে তারা মনে করছেন।

বিজ্ঞাপন

বাংলাফ্যাক্ট, যা প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) অধীন একটি ফ্যাক্টচেক ও মিডিয়া গবেষণা টিম, নিয়মিতভাবে অনলাইনে ছড়িয়ে পড়া তথ্য যাচাই করে সঠিক তথ্য তুলে ধরার কাজ করছে। পাশাপাশি গণমাধ্যম বিষয়ক গবেষণাও পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

সংস্থাটি ইতোমধ্যে শতাধিক ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করেছে এবং এসবের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে কাজ করছে। বিশেষজ্ঞরা বলছেন, যেকোনো তথ্য বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD