‘জামায়াতের দুঃখ আমির হামজা, এনসিপির দুঃখ নাসীরুদ্দীন’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে। ভিডিওতে দেখা যায়, তিনি একটি বক্সিং মেশিনে আঘাত করার সময় অসুস্থ রাজনীতিক মির্জা আব্বাসের নাম উল্লেখ করে মন্তব্য করছেন, যা নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
ভিডিওটি প্রকাশ্যে আসার পর সমালোচকরা বলছেন, এমন আচরণ রাজনৈতিক সৌজন্যবোধের পরিপন্থী। তাদের মতে, রাজনীতিতে মতপার্থক্য থাকলেও প্রতিপক্ষের প্রতি ন্যূনতম সম্মান বজায় রাখা জরুরি, বিশেষ করে যখন সংশ্লিষ্ট ব্যক্তি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন।
ঘটনাটি নিয়ে সরব হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন “প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ”। সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটোয়ারীর কর্মকাণ্ডকে ‘সীমালঙ্ঘন’ হিসেবে উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
ওই পোস্টে আরও বলা হয়, যেমন নিয়মিত সীমালঙ্ঘন করে জামায়াত এর আমির হামজা সাহেব নারীদের নিয়ে, ভিন্ন ধর্ম নিয়ে বা ওয়াজে যা খুশি তাই বলে। রাজনীতিতে জানা উচিত কোথায় গিয়ে থামা উচিত! নাহলে কদিন বাদে মানুষ বলতে শুরু করবে- চিনের দুঃখ যেমন হোয়াংহো জামায়াতের দুঃখ যেমন আমির হামজা এনসিপির দুঃখ তেমনি নাসীরুদ্দীন!
এদিকে ভিডিওটি ঠিক কবে এবং কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ভিডিওতে নাসীরুদ্দীন পাটোয়ারীকে ন্যাড়া মাথায় দেখা যাওয়ায় অনেকেই ধারণা করছেন, এটি সাম্প্রতিক সময়ের। জানা গেছে, তিনি সম্প্রতি ওমরাহ পালন শেষে মাথার চুল কেটে ফেলেছেন।
বিজ্ঞাপন
ঘটনার বিষয়ে এখন পর্যন্ত নাসীরুদ্দীন পাটোয়ারীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে আলোচনা এখনও অব্যাহত রয়েছে।









