জামায়াত কর্মী গ্রেপ্তার : ফেসবুক পোস্ট ঘিরে তুমুল বিতর্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের পর দেশের রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করা হয়েছে। তবে বিরোধী রাজনৈতিক মহলের অভিযোগ, সরকারের সমালোচনামূলক বক্তব্য দেওয়ার কারণেই তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
গ্রেপ্তারের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়ে পড়ে, যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে জামায়াতে ইসলামী ও অন্যান্য বিরোধী নেতাকর্মী এবং একাংশ নেটিজেন দাবি করছেন, জ্বালানি তেল সংকট নিয়ে ওই পোস্ট দেওয়ার জেরেই বিবি সাওদাকে গ্রেপ্তার করা হয়েছে।
ভাইরাল হওয়া পোস্টে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, ভবিষ্যতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে এবং এর ফলে বিদ্যুৎ ঘাটতি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এমনকি দুর্ভিক্ষের মতো পরিস্থিতিও দেখা দিতে পারে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সক্ষমতা ও সরকারের ভূমিকা নিয়েও সমালোচনামূলক মন্তব্য করা হয়েছে।
বিজ্ঞাপন
পোস্টটির শেষে জায়েফ খান নাদিম নামে একজনের নাম উল্লেখ রয়েছে।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিবি সাওদা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন বক্তব্য প্রচার করেছেন—এমন অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তাদের নির্দেশেই তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৬ এপ্রিল) ভোলা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দাখিল করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন শাখার উপপরিদর্শক জুয়েল হোসেন খান ওই প্রতিবেদন জমা দেন। সেখানে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে করা বিভিন্ন পোস্টের কারণে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে রবিবার (৫ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে ভোলা পৌরসভার নিজ বাসা থেকে বিবি সাওদাকে আটক করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন জানানো হয়।
ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ এ ঘটনাকে মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন হিসেবে দেখছেন, আবার অন্যরা আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে নেওয়া পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা দিচ্ছেন। ফলে বিষয়টি নিয়ে জনমনে নানা মতভেদ তৈরি হয়েছে।








