অস্ট্রেলিয়ার ভিসা বাতিল নিয়ে অসত্য খবর ছড়ানো হচ্ছে: আজহারী

জনপ্রিয় আলেম ও ওয়ায়েজ ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, তার অস্ট্রেলিয়া সফর ও ভিসা বাতিল সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। তিনি দাবি করেন, সফরের সময় কোনো বক্তব্য না দেওয়া সত্ত্বেও তার বক্তব্যের কারণে ভিসা বাতিল হয়েছে—এমন খবর সম্পূর্ণ অসত্য।
বিজ্ঞাপন
বুধবার (১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
আজহারী বলেন, অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত পাঁচ দিন ধরে তিনি সেখানে অবস্থান করছেন। তার সফর নিয়ে ছড়ানো খবর একটি বিদেশি প্রতিবেদনের ভুল ব্যাখ্যার ফল বলে উল্লেখ করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, ভিসা বাতিলের সঙ্গে সাম্প্রতিক কোনো বক্তব্যের সম্পর্ক নেই, কারণ এখন পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ায় কোনো বক্তব্য দেননি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আন্তর্জাতিকভাবে বক্তাদের সফর ঘিরে চাপ বা প্রভাব থাকা অস্বাভাবিক নয় এবং তার ক্ষেত্রেও এমন পরিস্থিতি তৈরি হয়েছে। কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ও নাস্তিক্যবাদী পক্ষ পুরোনো বক্তব্যকে প্রেক্ষাপট ছাড়া উপস্থাপন করে প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলেও অভিযোগ করেন তিনি।
আজহারী উল্লেখ করেন, অতীতেও একই ধরনের ভিডিওকে কেন্দ্র করে যুক্তরাজ্যে তার সফরে বাধা তৈরি হয়েছিল। তিনি বলেন, তিনি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে অবস্থান নিয়েছেন, যা তার বিভিন্ন আলোচনায় প্রতিফলিত হয়েছে।








