Logo

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী শনাক্ত

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
২২ অক্টোবর, ২০২৬, ১২:০২
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী শনাক্ত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘স্নাইপার’ নিয়ে আপত্তিকর মন্তব্য করা ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

বিজ্ঞাপন

অন্যদিকে, প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মন্তব্যটির তীব্র নিন্দা জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতারা। তাদের মতে, রাষ্ট্রের সরকারপ্রধানকে ঘিরে এমন মন্তব্যের উদ্দেশ্য ও প্রেক্ষাপট গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন তিনি। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বাসে যাতায়াতের বিষয়টি নিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট প্রকাশ করা হয়। পোস্টে প্রধানমন্ত্রীর জন্য লাল-সবুজের বুলেটপ্রুফ বাস ব্যবহার না করে রুয়েটের বাস ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়। সেখানে প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবিও যুক্ত করা হয়েছিল।

বিজ্ঞাপন

পোস্টটির মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ মন্তব্যটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ ও সমালোচনা তৈরি হয়।

ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতারা। তাদের বক্তব্য, মন্তব্যটি নিছক অনলাইন প্রতিক্রিয়া, নাকি এর পেছনে কোনো হুমকির ইঙ্গিত রয়েছে, তা যথাযথ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা জরুরি।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেন।

বিজ্ঞাপন

মহানগর বিএনপির সহসভাপতি আলী আশরাফ মাসুম বলেন, ফেসবুকে এমন মন্তব্য দেখে তারাও উদ্বিগ্ন হয়েছেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করে তিনি মন্তব্যটি কোনো ধরনের হুমকির ইঙ্গিত বহন করে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফেসবুকে করা মন্তব্যটি অত্যন্ত উদ্বেগজনক, অপরাধমূলক ও দায়িত্বজ্ঞানহীন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ইতিমধ্যে মন্তব্যকারীকে শনাক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD