‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ বলে ক্ষমা চাইলেন এমপি রতন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান রতন। নিহতদের মরদেহ দেশে আসা নিয়ে মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়ে তিনি নিজের বক্তব্য প্রত্যাহার করেছেন।
বিজ্ঞাপন
সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষমা চান এই সংসদ সদস্য।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে কামরুজ্জামান রতন জানান, সম্প্রতি স্টার নিউজের একটি টক শোতে সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের দুঃখজনক ঘটনা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি আবেগের বশে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সংকীর্ণভাবে বিষয়টি বিবেচনা করেছিলেন। ওই আলোচনায় তিনি বলেছিলেন, ‘আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না।’
নিজের মন্তব্যের বিষয়ে তিনি বলেন, বক্তব্যটি দেওয়া একেবারেই ঠিক হয়নি এবং তিনি তা সম্পূর্ণভাবে প্রত্যাহার করছেন। তার কথায়, এই মন্তব্যের মাধ্যমে নিহতদের স্বজন ও প্রবাসী বাংলাদেশিদের মনে যে কষ্ট ও আঘাত লেগেছে, তার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত এবং সবার কাছে ক্ষমাপ্রার্থী।
সংসদ সদস্য কামরুজ্জামান রতন আরও বলেন, মানুষ ভুল করতে পারে। ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার সুযোগ মহান আল্লাহর বিশেষ নেয়ামত। নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তিনি আবারও ক্ষমা প্রার্থনা করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
স্টার নিউজের অনলাইনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার (১৭ অক্টোবর) রাতে সংবাদমাধ্যমটির টক শো ‘কড়া আলাপ’-এ ‘সৌদিতে মৃত্যুদণ্ড ও আমাদের কূটনীতির ব্যর্থতা’ শীর্ষক আলোচনায় অংশ নেন কামরুজ্জামান রতন। সেখানে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি ওই মন্তব্য করেন।
বিজ্ঞাপন
পরে বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে মন্তব্যটি প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেন তিনি।








