Logo

রবীন্দ্রনাথের গ্রাফিতি থেকে কালি মুছে প্রশংসায় ভাসছেন এক রিকশাচালক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর, ২০২৬, ২১:৫২
রবীন্দ্রনাথের গ্রাফিতি থেকে কালি মুছে প্রশংসায় ভাসছেন এক রিকশাচালক
ছবি: সংগৃহীত

রাজধানীর দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় যখন ক্ষোভ ছড়িয়েছে, তখন সেই কালি মুছে দেওয়ার উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন এক রিকশাচালক। সাধারণ পেশার এই মানুষটির উদ্যোগকে সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধার দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই রিকশাচালকের ছবি। তার এই উদ্যোগের প্রশংসা করছেন বিভিন্ন অঙ্গনের মানুষ। শোবিজ জগতের তারকারাও ছবিটি শেয়ার করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

পেশায় রিকশাচালক হলেও শিল্প-সাহিত্য ও মনীষীদের প্রতি তার দায়বদ্ধতার বিষয়টি অনেকের মন ছুঁয়েছে। রবীন্দ্রনাথের গ্রাফিতি থেকে কালি মোছার ঘটনাটি মনে করিয়ে দিচ্ছে, সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য পরিচিতি কিংবা প্রভাবশালী অবস্থানের প্রয়োজন হয় না।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ কয়েকজনকে আটক করে পুলিশ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ওই দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি কবি কাজী নজরুল ইসলাম, চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, শিল্পাচার্য জয়নুল আবেদিনসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা রয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সম্প্রতি সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে এলাকাটি নতুনভাবে সাজানোর উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে দেয়ালে আঁকা হয় ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি। পাশাপাশি পথচারীদের সুবিধার্থে স্থাপন করা হয় ডাস্টবিন ও বিশ্রামের বেঞ্চ।

এমন একটি দেয়ালচিত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি দেওয়ার ঘটনা নানা প্রশ্ন ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। এর মধ্যেই রিকশাচালকের কালি মোছার উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া ফেলেছে। তবে প্রশংসায় ভাসা এই রিকশাচালকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD