‘আ. লীগের সিগারেট কোম্পানি চালাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্যানেল মেয়র আবদুস সবুর লিটনের সঙ্গে সংশ্লিষ্ট সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো’র নাম পরিবর্তন করে ‘জেনুইন লিফ টোব্যাকো লিমিটেড’ করা হয়েছে। প্রতিষ্ঠানটি নেপথ্যে থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পরিচালনা করছেন বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ৫৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব অভিযোগ করেন। তিনি দাবি করেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করা হয় এবং এ কে এম জিয়া উদ্দিন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন। পরে তিনি চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়কের পদ পান বলেও দাবি করেন রাশেদ।
রাশেদ খাঁন বলেন, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগের তদন্ত করছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। তিনি আরও দাবি করেন, প্রতিষ্ঠানটি পরিচালনায় সুবিধা পেতে জিয়া উদ্দিন নাসীরুদ্দীন পাটওয়ারীর সহায়তা নেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চসিকের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর আবদুস সবুর লিটনের মালিকানাধীন সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান “তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো”র নাম পরিবর্তন করে রাখা হয়েছে “জেনুইন লিফ টোব্যাকো লিমিটেড”। আর আওয়ামী লীগের এই সিগারেট কোম্পানিটি নেপথ্যে থেকে পরিচালনা করছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও প্রশ্ন তোলেন, আওয়ামী লীগঘনিষ্ঠ ব্যবসায়ীদের রাজনৈতিক আশ্রয় দেওয়ার মাধ্যমে এনসিপির কথিত নতুন বন্দোবস্তের রাজনীতি চলছে কি না। একই সঙ্গে তুষার ভূঁইয়া ও প্রাডো গাড়ি-সংক্রান্ত বিতর্কের প্রসঙ্গও টানেন তিনি।
কুষ্টিয়ার সাম্প্রতিক একটি ঘটনার প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন প্রশ্ন করেন, ‘কেন কুষ্টিয়ার ঘটনায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ ছিলেন, তা কি এখন স্পষ্ট হচ্ছে?’
এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী কুষ্টিয়ার ভেড়ামারায় ‘জেনুইন লিফ টোব্যাকো লিমিটেড’-এর কারখানা পরিদর্শন করেছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্থানীয় এনসিপি নেতারা জানিয়েছেন, ওই সফর দলীয় কর্মসূচির অংশ ছিল না।
বিজ্ঞাপন

রাশেদ খাঁন আরও দাবি করেন, পাটওয়ারীর মাধ্যমে আওয়ামী লীগঘনিষ্ঠ প্রতিষ্ঠানে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়টি সামনে আসার পর কুষ্টিয়ার স্থানীয় এনসিপি নেতারাও এর দায় নিতে চাননি। কেন্দ্রীয় নেতারাও বিষয়টি জানার পর নীরব রয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়েও তিনি প্রশ্ন রাখেন।
তবে রাশেদ খাঁনের এসব অভিযোগের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বা এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।








