পাটওয়ারীর ওপর হামলা: মামলা করতে গিয়ে থানায় অবরুদ্ধ এনসিপি

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা করতে গিয়ে থানায় অবরুদ্ধ হওয়ার অভিযোগ করেছেন দলটির ১৭ নেতাকর্মী।
বিজ্ঞাপন
রবিবার (৪ অক্টোবর) রাতে কুমারখালী থানায় এজাহার দিতে যান এনসিপির জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি, সদস্যসচিব সুলতান মারুফ তালহাসহ ১৭ নেতাকর্মী।
জেলা আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি অভিযোগ করে বলেন, রাত হয়ে যাওয়ায় আশপাশের দোকান বন্ধ থাকায় তারা মামলার কাগজ প্রস্তুত করতে পারছিলেন না। পরে থানার ওসির সহযোগিতা চাইলে তিনি থানার কম্পিউটারে এজাহার লিখে দেওয়ার বিষয়ে সম্মতি জানান। তবে পরে টালবাহানা শুরু করেন এবং শেষ পর্যন্ত মামলার কাগজ লিখে দিতে পারেননি।
তিনি আরও দাবি করেন, রাতে তারা থানার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা থানার আশপাশ ঘিরে রাখেন। পরে রাত প্রায় ১টার দিকে পুলিশি পাহারায় তারা নিরাপদে কুষ্টিয়া শহরে পৌঁছান। তাদের ওপর মব চালানোর চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এনসিপির জেলা সদস্যসচিব সুলতান মারুফ তালহা অভিযোগ করেন, পুলিশ মামলা না নিতে নানা টালবাহানা করেছে। রাত ১২টার দিকে ওসি জানান, থানা থেকে মামলা লেখা সম্ভব নয়। পরে বিএনপির নেতাকর্মীরা তাদের থানার ভেতরে অবরুদ্ধ করে রাখেন বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, দুই শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী থানায় ঢুকে তাদের উদ্দেশে স্লোগান দেন।
এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেন সুলতান মারুফ তালহা। তার দাবি, ঘটনার ফুটেজে হামলাকারীদের বিষয়ে সবকিছু দেখা যাবে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী। তিনি বলেন, এ ঘটনায় ছাত্রদলের কোনো নেতাকর্মী জড়িত নন। স্থানীয়দের সঙ্গে কথাকাটাকাটির জেরে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ছাত্রদলের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন এনসিপির নেতাকর্মীদের থানায় অবরুদ্ধ হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, থানার ভেতরে জামায়াতে ইসলামী, বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা ছিলেন।
মামলা না নেওয়ার অভিযোগও অস্বীকার করে ওসি বলেন, তারা মামলা লিখে নিয়ে এলে তিনি মামলা নিতেন। কিন্তু তারা মামলা লিখে নিয়ে আসেননি।
থানার কম্পিউটারে মামলা লিখে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জামাল উদ্দিন বলেন, তিনি প্রথমে ঘটনাস্থলে ছিলেন না। তাই কারা হামলা করেছে বা কীভাবে হামলা হয়েছে, তা না জেনে তিনি মামলা লিখে দিতে পারেন না। এজাহারে বাদীকেই ঘটনার বিস্তারিত লিখে আনতে হবে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
এনসিপির নেতাকর্মীদের পুলিশি পাহারায় কুষ্টিয়া শহরে পৌঁছে দেওয়ার বিষয়ে ওসি বলেন, তারা নিরাপত্তাহীনতার কথা জানালে প্রটোকল দিয়ে তাদের কুষ্টিয়া পর্যন্ত পৌঁছে দেওয়া হয়।
এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে লালন আখড়াবাড়ি থেকে গান শুনে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ ওঠে। এ সময় তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাঙচুর করা হয়। ঘটনাকে কেন্দ্র করে মাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে পুলিশি পাহারায় রাত সাড়ে ৮টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মাজার এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর তিনি ঢাকার উদ্দেশে রওনা হন বলে জানা গেছে।








