Logo

জনগণের বিরোধিতাকারীদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৬, ১৮:৩০
জনগণের বিরোধিতাকারীদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: রিজভী
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনগণ সত্য, ন্যায় ও ন্যায়বিচারের পক্ষে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের নতুন করে রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই।

বিজ্ঞাপন

রবিবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর আর কে মিশন রোডে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দেশজুড়ে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

বিগত ১৭ বছরের শাসনামলের সমালোচনা করে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ওই সময়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা, সুষ্ঠু নির্বাচন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতন, মিথ্যা মামলা ও হত্যাকাণ্ড চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, দেশের বাইরে অবস্থান করে অডিও বার্তার মাধ্যমে আবারও সহিংসতা ও নাশকতায় উসকানি দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো উল্লেখ করে বিএনপির এই নেতা অভিযোগ করেন, ফরিদপুরের ভাঙ্গা ও নড়াইলে প্রাণহানি, গ্রামীণ ব্যাংকের ৮০টি শাখায় অগ্নিসংযোগ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিএনপির বিভিন্ন নেতার বাসভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা ককটেল নিক্ষেপ ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ সরবরাহ করছেন বলেও অভিযোগ করেন রিজভী। তাঁর দাবি, ব্যাংকিং খাত ও বড় বড় মেগা প্রকল্প থেকে আত্মসাৎ করা অর্থ এসব কর্মকাণ্ডে ব্যয় করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, প্রধানমন্ত্রী চাইলে সহিংসতায় জড়িত ব্যক্তিদের কঠোরভাবে দমন করতে পারতেন। কিন্তু তিনি গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করেন বলেই শেখ হাসিনার মতো দমন-পীড়নের পথ অনুসরণ করেননি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বর্তমান সরকার ও বিএনপি প্রতিশোধের রাজনীতি অনুসরণ না করে অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের পক্ষে অবস্থান নিয়েছে। তবে নাশকতা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। প্রয়োজনে রাস্তায় অবস্থান নিয়ে পাহারা দেওয়ারও নির্দেশনা দেন।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ বাপ্পা সিকদার অনুষ্ঠান সঞ্চালনা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এতে আরও বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এমপি।

বিজ্ঞাপন

সমাবেশ ও বিক্ষোভ মিছিলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম হাওলাদার সেতু, শহিদুল ইসলাম সোহেল, রফিকুল ইসলাম রফিক, মানবাধিকার সম্পাদক মোক্তাদির হোসেন তরু, প্রশিক্ষণ সম্পাদক এম আর গনি মোস্তফা, ধর্মবিষয়ক সম্পাদক খলিলুর রহমান খলিল, সহশিল্প সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া সাগর এবং সহতথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান নাহিদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD