হাদিকে ছোট করতেই রিকশাচালক সুজনকে প্রার্থী করেছিল এনসিপি

ঢাকা-৮ আসনে শহীদ ওসমান হাদিকে ছোট করতেই এনসিপি রিকশাচালক সুজনকে প্রার্থী ঘোষণা করেছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তাঁর দাবি, হাদি হত্যাকাণ্ডের পর সুজনকে চূড়ান্ত প্রার্থী না করে সরিয়ে দেওয়ার ঘটনা ওই উদ্দেশ্যেরই ইঙ্গিত দেয়।
বিজ্ঞাপন
শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা লেখেন রাশেদ খাঁন।
স্ট্যাটাসে তিনি দাবি করেন, ঢাকা-৮ আসনে নির্বাচন না করতে শহীদ ওসমান হাদিকে বলেছিলেন জামায়াতের আমিরের ব্যক্তিগত সহকারী ও বুয়েট শাখা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের। ওই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে সাদিক কায়েম নির্বাচন করবেন বলেও তাঁকে জানানো হয়েছিল বলে উল্লেখ করেন রাশেদ খাঁন।
তিনি লেখেন, সে সময় ওসমান হাদি বলেছিলেন, প্রয়োজনে ৫০০ ভোট পেলেও তিনি ঢাকা-৮ আসন থেকেই নির্বাচন করবেন। এ বিষয়ে হাদির ভাই ওমর হাদি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
রাশেদ খাঁনের প্রশ্ন, হাদির প্রতি যাঁরা এখন এত শ্রদ্ধা ও দরদ দেখাচ্ছেন, তাঁরা কেন জীবদ্দশায় তাঁর আহ্বানে সাড়া দেননি? তাঁর ভাষ্য, হাদি প্রকাশ্যে আহ্বান জানিয়েছিলেন, ঢাকা-৮ আসনে কোনো দল যেন তাঁর বিপরীতে প্রার্থী না দেয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, জামায়াত ও এনসিপি মৃত্যুর আগে ওসমান হাদির বিরোধিতা করলেও তাঁর মৃত্যুর পর তাঁকে নিজেদের আদর্শিক নেতা হিসেবে তুলে ধরছে। তাঁর দাবি, এনসিপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, জুলাইয়ের ঐক্য বিনষ্ট এবং জুলাইকে কুক্ষিগত করার মতো বিষয় চিহ্নিত করেছিলেন হাদি। অন্যদিকে, জামায়াতকে ‘গুপ্ত’ বলেও আখ্যা দিয়েছিলেন তিনি।
স্ট্যাটাসে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, ওসমান হাদিকে বিএনপির মুখোমুখি দাঁড় করানোর কোনো পরিকল্পনায় যেন তাঁরা পা না দেন। তাঁর মতে, হাদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আধিপত্যবাদবিরোধী রাজনীতিকে আদর্শ মেনেই সংগ্রাম করেছেন এবং জাতীয়তাবাদী আদর্শ ধারণ করতেন।
বিজ্ঞাপন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারের পাশে ওসমান হাদিকে সমাহিত করা নিয়েও বিতর্ক না করার আহ্বান জানান রাশেদ খাঁন। তিনি বলেন, নজরুলের বিপ্লবী চেতনাকে হাদি ধারণ করতেন এবং গুরু-শিষ্যের কবর পাশাপাশি থাকার মধ্যে কোনো সংকট দেখেন না তিনি।
এ ছাড়া প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সঙ্গে ওসমান হাদির গভীর রাজনৈতিক সম্পর্ক ছিল বলে উল্লেখ করেন রাশেদ খাঁন। তাঁর দাবি, নুরের বক্তব্যের অংশবিশেষ প্রচার করে হাদিকে ছোট করা হয়েছে এবং বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। বিষয়টি পরিষ্কার করতে নুরুল হক নুরের প্রতি আহ্বান জানান তিনি।
স্ট্যাটাসের শেষাংশে রাশেদ খাঁন বলেন, রাজনৈতিক স্বার্থে ইনকিলাব মঞ্চ, জামায়াত ও এনসিপির ওসমান হাদিকে টানাহেঁচড়া করা উচিত নয়। তাঁর মতে, তাঁকে রাজনৈতিক বিতর্কের হাতিয়ার না বানালে হাদি আরও বেশি সর্বজনীন ও প্রাসঙ্গিক থাকবেন।








