Logo

যেমন কুকুর তেমন মুগুর, শীঘ্রই আসিতেছে: ইশরাক হোসেন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর, ২০২৬, ১৩:২৮
যেমন কুকুর তেমন মুগুর, শীঘ্রই আসিতেছে: ইশরাক হোসেন
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন | ফাইল ছবি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সমালোচনা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ তোলায় নাহিদকে পাল্টা জবাব দিয়েছেন তিনি। একই সঙ্গে এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কটাক্ষ করেছেন ইশরাক।

বিজ্ঞাপন

সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। এর আগে সোমবার বিকেলে রাজধানীর বাড্ডায় একটি পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ইশরাক ফৌজদারি অপরাধ করেছেন। এ ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইশরাক লেখেন, ‘জনাব নাহিদ ইসলামকে একটু হলেও নতুন বন্দোবস্তের ধারক ভাবতাম। আমার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে সে মাদকের মহামারী ও এর প্রতিকার সম্পর্কে ০% কথা বলে ১০০% আমার ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিল। তাহলে নাকি আইনের শাসন প্রতিষ্ঠা পাবে ইত্যাদি। আগে মাদকের ইস্যুটা অ্যাড্রেস করলে ভালো হতো না? তারপরে আমারে ফাঁসি ঝুলাইতি।’

তরুণ প্রজন্মের উদ্দেশেও হতাশা প্রকাশ করেন বিএনপির এই নেতা। তিনি লেখেন, ‘দুঃখিত জেন-জি, কোনো নতুন বন্দোবস্ত এদের মাধ্যমে পাচ্ছেন না।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এক তরুণের কাছ থেকে ফোন পাওয়ার কথাও স্ট্যাটাসে উল্লেখ করেন ইশরাক। তাঁর দাবি, মাদকের বিস্তার রোধে নেওয়া উদ্যোগকে সমর্থন জানাচ্ছেন অনেক মানুষ।

এনসিপির ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করে ইশরাক লেখেন, ‘এই পার্টির ভবিষ্যৎ ০। মাদক নির্মূল করতে গিয়ে ফৌজদারি মামলা খেয়ে আসতে হবে, তাও বৈধ উপায়ে, আইন প্রণেতা হয়ে, পুলিশ সাথে করে নিয়ে যাওয়ার পর।’

বিজ্ঞাপন

নাহিদ ইসলামকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে ইশরাক আরও লেখেন, ‘নাহিদকে বলবো কোনও ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ বের করে একটা মামলা করে দেন আমার নামে। আমি নিজে গিয়ে সারেন্ডার করে জেলে চলে যাবো। আইনের শাসন প্রতিষ্ঠা বলে কথা!!!! এইভাবে ঘোড়ার ডিম রাজনীতি এরা করে যাবে। কিছুই পরিবর্তন করতে পারবে না।’

স্ট্যাটাসের শেষাংশে মাদক নির্মূলে প্রচলিত পদ্ধতির বাইরে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন ইশরাক। তিনি লেখেন, ‘অন্য স্টাইলে প্রতিকার করতে হবে। যেমন কুকুর তেমন মুগুর। শীঘ্রই আসিতেছে। বড় ডিলার/বিক্রেতারা অপেক্ষা কর।’

মাদকবিরোধী অভিযান, আইনের শাসন এবং এ ঘটনায় রাজনৈতিক নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ইশরাকের বক্তব্যে এনসিপির রাজনৈতিক অবস্থান ও মাদকবিরোধী কার্যক্রম নিয়ে তাঁর অসন্তোষও স্পষ্ট হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD