Logo

থানায় ঢুকে ওসির চেয়ারে বসলেন এমপি, ভিডিও ভাইরাল

profile picture
জনবাণী ডেস্ক
৯ এপ্রিল, ২০২৬, ১৬:১৩
থানায় ঢুকে ওসির চেয়ারে বসলেন এমপি, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে একটি অস্বাভাবিক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) না পেয়ে তার কক্ষে ঢুকে চেয়ারে বসে পড়েন। সেখানে কিছু সময় অবস্থান করে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে আলাপও করেন তিনি। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমপির এমন কাণ্ড নিয়ে সমালোচনাও হচ্ছে বেশ।

বিজ্ঞাপন

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান রাশেদ বলেন, ওই দিন পুলিশ লাইনে আমার মাস্টার প্যারেড ছিল। সকাল সোয়া ৭টার দিকে আমি সে উদ্দেশ্যে রওনা হই। ওই দিন সংসদ সদস্যের থানায় আসার কোনো পূর্বসূচি ছিল না, কিংবা আমাকে আগে থেকে কিছু জানানো হয়নি। এমপি সাহেবের গাড়ি থানা প্রাঙ্গণে ঢোকার পর তাকে জানানো হয়, ওসি থানায় নেই। তারপরও তিনি থানায় প্রবেশ করেন।

তিনি আরো বলেন, আমার কক্ষে ঢুকে প্রথমে তিনি আমার চেয়ারে বসতে ইতস্তত বোধ করেন। কিন্তু তার সঙ্গে থাকা লোকজন তাকে আমার চেয়ারে বসতে বলেন। পরে তিনি কিছুক্ষণ বসে কথা বলে চলে যান।

বিজ্ঞাপন

এ বিষয়ে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ বলেন, তিনি থানায় পরিদর্শনে গিয়েছিলেন। ওসি অনুপস্থিত থাকায় তাকে সেখানে বসতে বাধ্য করা হয়েছিল এবং তিনি কোনো অসুবিধা বা অপরাধ মনে করেননি।

যদিও ঘটনাটি সঙ্গে সঙ্গে প্রকাশ পায়নি, তবে সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যার পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। অনেকেই ঘটনাটিকে প্রটোকল ও শৃঙ্খলার প্রশ্নে তুলছেন, আবার কেউ কেউ এটিকে স্বাভাবিক বিষয় হিসেবেও দেখছেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD