গিটার বাজিয়ে ছদ্মবেশে পুলিশের অভিযান, ভিডিও ভাইরাল হয়ে প্রশংসার ঝড়

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গিটার বাজিয়ে ও গান গাওয়ার ছদ্মবেশে মাদকবিরোধী অভিযান চালিয়ে সাতজন মাদকসেবী ও কারবারিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রশংসা দেখা গেছে।
বিজ্ঞাপন
বুধবার (১৩ মে) রাত ৯টার দিকে শাহবাগ থানার একটি বিশেষ টিম সাধারণ পোশাকে গিটার বাজিয়ে ও গান পরিবেশনের আড়ালে উদ্যান এলাকায় অবস্থান নেয়। মূলত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই এ অভিনব কৌশল নেওয়া হয়।
পুলিশ জানায়, সোহরাওয়ার্দী উদ্যানে মাদকসেবী ও কারবারিদের দমন করতে এমন ছদ্মবেশী অভিযান পরিচালনা করা হয়। গানের আসরের মতো পরিবেশ তৈরি হলে সেখানে সন্দেহভাজনরা একত্রিত হয়।
বিজ্ঞাপন
এ সময় গাঁজাসহ সাতজনকে হাতেনাতে আটক করা হয়। আটকরা হলেন মো. মামুনুর রহমান (২৪), মো. রানা (১৯), সজীব অধিকারী, মো. শহীদুল ইসলাম (৪২), মো. রাকিব হোসেন (১৯), মো. আল আমিন (১৯) ও মো. মাছুম ভূইয়া (২৪)।
পরে তাদের আদালতে পাঠানো হলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
বিজ্ঞাপন
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের এ অভিনব কৌশলের প্রশংসা করছেন অনেকে। শাহবাগ থানা সূত্র জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের সৃজনশীল অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








