Logo

আলজেরিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

profile picture
ক্রীড়া ডেস্ক
১৬ জুন, ২০২৬, ১৪:৩৭
আলজেরিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রতিটি ম্যাচের আগে সমর্থকদের অন্যতম আগ্রহের বিষয় থাকে প্রিয় দল কোন জার্সি পরে মাঠে নামবে। সেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপ পর্বের জার্সি পরিকল্পনা ইতোমধ্যে নির্ধারিত হয়েছে।

বিজ্ঞাপন

গ্রুপ ‘জে’-তে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে খেলবে লিওনেল স্ক্যালোনির দল। তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচে আর্জেন্টিনাকে দেখা যাবে তাদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা জার্সিতে। অন্যদিকে একটি ম্যাচে মাঠে নামবে নতুন ডিজাইনের কালো অ্যাওয়ে কিট পরে।

২০২৬ বিশ্বকাপ শুরু হওয়ার প্রায় সপ্তাহ খানেক পর আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে আর্জেন্টিনা। কানসাস সিটিতে অনুষ্ঠিত সেই ম্যাচে আর্জেন্টিনা খেলবে তাদের পরিচিত আকাশি-সাদা ডোরাকাটা জার্সি, নীল শর্টস ও নীল মোজা। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দেখা যাবে সম্পূর্ণ কমলা রঙের কিটে।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচেও লিওনেল স্ক্যালোনির দল মাঠে নামবে ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সিতে। তবে গোলরক্ষক মার্টিনেজের কিটে থাকবে পরিবর্তন; তিনি পরবেন হালকা সবুজ রঙের গোলকিপার জার্সি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে কালো অ্যাওয়ে জার্সি পরবে আর্জেন্টিনা। কালো রঙের এই জার্সিতে থাকবে নীল ও আকাশি নীলের ছোঁয়া, আর নম্বর ও লোগো থাকবে সাদা রঙে। ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে মার্তিনেজের কিটও থাকবে সবুজ, তবে আগের ম্যাচের তুলনায় কিছুটা গাঢ় শেডে।

বিজ্ঞাপন

নতুন অ্যাওয়ে জার্সির নকশায় আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের ঐতিহ্যবাহী অলংকরণশিল্পের প্রভাব রাখা হয়েছে। বিশেষ করে জার্সির পেছনের অংশ ও সামগ্রিক ডিজাইনে সেই শিল্পরীতির ছাপ ফুটিয়ে তোলা হয়েছে।

বিশ্বকাপের গ্রুপ পর্বে তাই সমর্থকরা আর্জেন্টিনাকে দুই ম্যাচে চেনা আকাশি-সাদা রূপে এবং এক ম্যাচে নতুন কালো জার্সিতে দেখতে পাবেন। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামা দলটির জার্সি পরিকল্পনাও ইতোমধ্যে ভক্তদের মধ্যে বেশ আগ্রহের জন্ম দিয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD