নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ ব্রাজিল

বিশ্বকাপ শুরুর আগে থেকেই চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। পানামা ও মিসরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে না খেলার পর মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেও তাকে ছাড়াই মাঠে নামে সেলেসাওরা। মাংসপেশীর চোটে ভোগায় তার মাঠে ফেরা নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তা তৈরি হয়। সময় যত গড়াচ্ছে, তাকে নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছিল।
বিজ্ঞাপন
এরই মধ্যে এলো আরও বড় দুঃসংবাদ। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সূত্রে জানা গেছে, গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও নেইমারকে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ফলে বড় ধাক্কা খেল ব্রাজিল শিবির।
চলতি সপ্তাহে অনুশীলনে ফেরার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে কোচ কার্লো আনচেলত্তি আশাবাদ ব্যক্ত করেছিলেন নেইমারের দ্রুত ফেরার বিষয়ে। তবে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর তার অভাব আরও স্পষ্টভাবে অনুভূত হয়। তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, নকআউট পর্বের আগে তারকা এই ফরোয়ার্ডকে মাঠে ফেরানোর ঝুঁকি নিতে চাইছে না দলের মেডিকেল বিভাগ।
বিজ্ঞাপন
হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে দলে ফেরার সম্ভাবনা এখন প্রায় নেই বললেই চলে। এমনকি গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেও তার খেলা অনিশ্চিত। পরিস্থিতির উন্নতি হলে কেবল ওই ম্যাচে মাঠে নামার সুযোগ তৈরি হতে পারে।
ব্রাজিল দলের বর্তমান অবস্থান পরিষ্কার—চোট যেন আবার না বাড়ে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন দলের কাছে। সে কারণে অপ্রয়োজনীয় কোনো ঝুঁকি নিতে রাজি নয় তারা। প্রয়োজন হলে কেবল নকআউট পর্বে তাকে মাঠে নামানোর চিন্তা করা হবে।
গত সপ্তাহের মতো সোমবারও নতুন করে স্ক্যান করানো হয়েছে নেইমারের। পরীক্ষার ফল ইতিবাচক হলেও এখনো পরবর্তী ধাপে যাওয়ার মতো নয়। তিনি এখনো চিকিৎসক দলের তত্ত্বাবধানে রয়েছেন এবং জিমে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মাঠে শারীরিক ফিটনেস ফিরে পাওয়া এবং বল নিয়ে অনুশীলনে ফেরার ধাপগুলো এখনো বাকি।
বিজ্ঞাপন
জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার যে তিন সপ্তাহের পুনর্বাসন সময়সীমা দিয়েছিলেন, সেটি শেষ হচ্ছে আগামীকাল। তবে এরপরও হাইতির বিপক্ষে ম্যাচে খেলার মতো অবস্থায় পৌঁছানো সম্ভব নয় বলে জানা গেছে।
এদিকে নেইমারকে ঘিরে বাড়তি চাপ ও প্রত্যাশার কারণে সিবিএফও আগের মতো তথ্য প্রকাশ করছে না। তার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি না হওয়া পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আপডেট দেওয়া হবে না বলে জানা গেছে। এ নিয়ে দলের অভ্যন্তরেও কিছু সমালোচনা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। আগামী শুক্রবার হাইতির মুখোমুখি হবে দলটি। এরপর ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড।








