Logo

অস্ট্রেলিয়া সিরিজে লিটনের খেলা নিয়ে শঙ্কা, জানালেন নিজেই

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৬ জুন, ২০২৬, ১৬:৪২
অস্ট্রেলিয়া সিরিজে লিটনের খেলা নিয়ে শঙ্কা, জানালেন নিজেই
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। এর আগে আজ দলের সংবাদ সম্মেলনে হাজির হন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। শেষ ওয়ানডেতে পাওয়া ইনজুরির কারণে তার আগামী ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

বিজ্ঞাপন

লিটন নিজেই জানিয়েছেন, আগামীকালের ম্যাচে তার খেলার সম্ভাবনা এখন ‘ফিফটি-ফিফটি’। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তার পায়ের মাংসপেশিতে টান লাগে, এরপর তাকে মাঠ ছাড়তে হয়। পরে তিনি আবার ব্যাটিংয়ে ফিরলেও আর ফিল্ডিং করতে পারেননি।

নিজের ফিটনেস নিয়ে লিটন বলেন, ‘আগের চেয়ে আমি অনেক ভালো আছি। যে অবস্থায় ছিলাম, তার থেকে এখন ভালো লাগছে। তবে আজ দেখব, এরপর কাল আবার দেখে সিদ্ধান্ত নিতে হবে আমার বিষয়টা।’

বিজ্ঞাপন

এবার সৌম্য সরকারকে ডাকা হয়েছে টি-টোয়েন্টি সিরিজেও। যদিও এখনও তিনি দলে যোগ দেননি, আগামীকাল সকালে আসবেন চট্টগ্রাম।

লিটন বলেন, ‘সৌম্যকে দলে নেওয়ার কারণ হলো, আমি নিজেই ফিফটি-ফিফটি অবস্থায় ছিলাম। কী হতে পারে, সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ জন্য অন্তত কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এছাড়া ইমনেরও হালকা অসুস্থতা আছে। তাই আমরা ঝুঁকি নিতে চাইনি যে প্রয়োজনের সময় হঠাৎ করে কাউকে ডেকে আনতে হবে। সেই চিন্তা থেকেই সৌম্যকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ হয়তো সে অনুশীলন করতে পারবে না, তবে কাল থেকে দলের সঙ্গে পুরোপুরি যুক্ত হয়ে যাবে।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD