গোল করার জন্য আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

বিশ্বকাপের শিরোপাধারী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর আত্মসমালোচনায় মুখর হয়েছেন আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ। তার মতে, দলের কিছু ভুলের সুযোগ নিয়েই হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি।
বিজ্ঞাপন
বিশ্বকাপের ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের তিনটি গোলই করেন মেসি। তার দুর্দান্ত পারফরম্যান্সে টুর্নামেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে পেতকোভিচ বলেন, প্রথম ও দ্বিতীয় গোলের সময় আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি, ফলে তার জন্য গোল করাটা অনেক সহজ হয়ে গেছে। তিনি বলেন, গুরুত্বপূর্ণ মুহূর্তে ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে মেসির, যা কঠিন পরিস্থিতিকেও সহজ করে তোলে।
বিজ্ঞাপন
নিজ দলের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে আলজেরিয়া কোচ বলেন, তিনি কোনো একক খেলোয়াড়কে দায়ী করতে চান না। তবে আর্জেন্টিনার ফুটবলারদের সহজে শট নেওয়ার সুযোগ দেওয়া ছিল বড় ভুল। এই পরাজয়ের দায় দলকেই নিতে হবে এবং ভবিষ্যতের জন্য ম্যাচটি থেকে শিক্ষা নিতে হবে।
মেসির প্রভাব নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, আর্জেন্টিনা দলে মেসি বাড়তি সুবিধা পান, কারণ পুরো দল তাকে ঘিরেই খেলে এবং সর্বোচ্চ সহায়তা দেয়। দীর্ঘ সময় ধরে মেসি যেভাবে ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছেন, তা সত্যিই অসাধারণ। ম্যাচে আর্জেন্টিনার নেওয়া ১০টি শটের মধ্যে ৭টিই ছিল মেসির।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ম্যাচের আগে পেতকোভিচ জানিয়েছিলেন, তিনি সাধারণত কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে থামাতে আলাদা কৌশল নেন না। তিনি বলেন, একজন ফুটবলারের জন্য পুরো দলের পরিকল্পনা বদলে ফেলা কার্যকর পদ্ধতি নয়।
গ্রুপপর্বে আলজেরিয়ার সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। আগামী ২২ জুন তারা জর্ডানের মুখোমুখি হবে। এরপর ২৮ জুন খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে। নকআউট পর্বে জায়গা করে নিতে হলে বাকি ম্যাচগুলোতে জয় পাওয়ার বিকল্প নেই আলজেরিয়ানদের।
সূত্র: রয়টার্স








