অর্থাভাবে মাকে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র

স্পেনের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের পর কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা এখন বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শক্তিশালী স্পেনের বিপক্ষে একের পর এক সেভ করে তিনি রীতিমতো দেয়াল হয়ে দাঁড়ান, যার কারণে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের থামিয়ে দেয় ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে।
বিজ্ঞাপন
ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে ভোজিনহা জানান, ভিসা-সংক্রান্ত ব্যয় বহন করতে না পারায় তার মা যুক্তরাষ্ট্রে আসতে পারেননি। ফলে মাঠে বসে ছেলের ঐতিহাসিক পারফরম্যান্স দেখা তার পক্ষে সম্ভব হয়নি। তার এই কথা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ আন্তর্জাতিক অঙ্গনে।
ভোজিনহার এই আবেগঘন বক্তব্য যুক্তরাষ্ট্রের এক ডেমোক্র্যাট নেতার দৃষ্টি আকর্ষণ করে। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানান।
বিজ্ঞাপন
এরপর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। এক কর্মকর্তা জানান, ভোজিনহার মায়ের নামে এখন পর্যন্ত কোনো ভিসা আবেদন তাদের নথিতে পাওয়া যায়নি। তবে বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের পরিবারের সদস্যদের ক্ষেত্রে ভিসা বন্ড মওকুফের সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ওই কর্মকর্তা আরও বলেন, ভোজিনহার পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা চলছে।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভোজিনহার মায়ের বর্তমানে বৈধ পাসপোর্ট নেই। তিনি নতুন পাসপোর্ট সংগ্রহের প্রক্রিয়ায় রয়েছেন। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী কিছু দেশের নাগরিকদের ক্ষেত্রে ভিসা পেতে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড দিতে হতে পারে। তবে বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং তাদের নিকটাত্মীয়দের জন্য এ নিয়ম শিথিল রাখা হয়েছে।
বিজ্ঞাপন
৪০ বছর বয়সী ভোজিনহা স্পেনের বিপক্ষে সাতটি দারুণ সেভ করে বিশ্বকাপের অন্যতম বড় চমক উপহার দেন। তার নৈপুণ্যে থমকে যায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের শক্তিশালী আক্রমণ, আর ইতিহাস গড়ে কেপ ভার্দে।
এই পারফরম্যান্সের পর রাতারাতি জনপ্রিয়তা বেড়ে যায় তার। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা কয়েক লাখ থেকে বেড়ে প্রায় এক কোটির কাছাকাছি পৌঁছে গেছে।
বিজ্ঞাপন
আগামী রবিবার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে কেপ ভার্দে। সেই ম্যাচে গ্যালারিতে ভোজিনহার মাকে দেখা যাবে কি না—এটাই এখন ফুটবল বিশ্বের বড় প্রশ্ন।
আগামী রোববার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে কেপ ভার্দে। সেই ম্যাচে গ্যালারিতে ভোজিনহার মাকে দেখা যাবে কি না—এটাই এখন ফুটবল বিশ্বের বড় প্রশ্ন।








