বিশ্ব গণমাধ্যমে ব্রাজিলের রোমাঞ্চকর জয়ের প্রশংসা

জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। ২-১ গোলের এই নাটকীয় জয়ের পর বিশ্বের প্রভাবশালী বিভিন্ন গণমাধ্যম ব্রাজিলের পারফরম্যান্সকে ‘মহাকাব্যিক’, ‘রোমাঞ্চকর’ ও ‘নাটকীয়’ বলে অভিহিত করেছে।
বিজ্ঞাপন
ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান তাদের বিশ্লেষণে বলেছে, টুর্নামেন্টে এবারও দীর্ঘ সময় ব্রাজিল প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে কোচ কার্লো আনচেলত্তির কৌশল আবারও কার্যকর হয়েছে। তাদের মতে, ম্যাচে টিকে থাকার ধৈর্য ধরে প্রতিপক্ষের ভুলের অপেক্ষা করা কিংবা দলের কোনো তারকার ব্যক্তিগত নৈপুণ্যে সুযোগ কাজে লাগানো— এই পরিকল্পনাই ব্রাজিলকে সাফল্য এনে দিয়েছে।
একই প্রতিবেদনে জাপানের পারফরম্যান্সেরও প্রশংসা করা হয়েছে। পত্রিকাটি এটিকে বিশ্বকাপের ইতিহাসে জাপানের অন্যতম সেরা প্রদর্শনী হিসেবে উল্লেখ করেছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, দ্য নিউইয়র্ক টাইমস ম্যাচটিকে ‘রোমাঞ্চকর’ ও ‘নাটকীয়’ বলে বর্ণনা করেছে। বিশেষ করে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলের প্রশংসা করে পত্রিকাটি লিখেছে, এই গোলই ব্রাজিলকে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করে দিয়েছে।
প্রতিবেদনে অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোর ভূয়সী প্রশংসাও করা হয়। পত্রিকাটির মতে, প্রথমার্ধে তাকে বদলি করা হতে পারে বলে ধারণা করা হলেও আনচেলত্তি তাকে মাঠে রেখেছিলেন। দ্বিতীয়ার্ধে সেই সিদ্ধান্তই ফল দেয়। কাসেমিরো হেডে সমতা ফেরানোর পাশাপাশি মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ম্যাচের গতি বদলে দেন। তাদের ভাষায়, সমালোচনাকে ভুল প্রমাণ করতে কাসেমিরো বরাবরই অভ্যস্ত।
স্প্যানিশ দৈনিক মার্কা ব্রাজিলের জয়কে জনপ্রিয় অ্যানিমেশন ক্যাপ্টেন সুবাসা-র গল্পের মতো নাটকীয় সমাপ্তির সঙ্গে তুলনা করেছে। তাদের মূল্যায়নে, এটি হয়তো সবচেয়ে নান্দনিক ব্রাজিল দল নয়, কিন্তু কঠিন পরিস্থিতিতে লড়াই করে জয়ের মানসিকতা দেখিয়েছে সেলেসাওরা। একই সঙ্গে মার্তিনেল্লির সঙ্গে অ্যানিমেশনের প্রধান চরিত্র ওলিভার সুবাসারও তুলনা করা হয়েছে।
বিজ্ঞাপন
ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপ এক শব্দে ব্রাজিলের জয়কে ‘মহাকাব্যিক’ বলে আখ্যা দিয়েছে। তবে তারা সতর্ক করে বলেছে, বিশ্বকাপ জয়ের স্বপ্ন ধরে রাখতে হলে আগামী ম্যাচগুলোতে বিশেষ করে প্রথমার্ধের মতো হতাশাজনক ফুটবল এড়িয়ে আরও উন্নত পারফরম্যান্স দেখাতে হবে।
সূত্র: জিই গ্লোবো








