নেই রাফিনহা-পাকেতা, নরওয়ে ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশে কারা?

বিশ্বকাপের শেষ ষোলোতে রবিবার দিবাগত রাত ২টায় নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। জিতলেই কোয়ার্টার ফাইনাল, হারলেই বিদায়—এমন সমীকরণের ম্যাচকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিজ্ঞাপন
ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তি ও দুশ্চিন্তা—দুটোই রয়েছে। বার্সেলোনার উইঙ্গার রাফিনহা অনুশীলনে ফিরলেও তিনি পুরোপুরি সুস্থ নন। অন্যদিকে চোটের কারণে মিডফিল্ডার লুকাস পাকেতা কার্যত পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন।
ব্রাজিলের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত অনুশীলনের প্রথম ১৫ মিনিটে রাফিনহাকে কেবল হালকা অনুশীলন ও ওয়ার্মআপ করতে দেখা যায়। দলের চিকিৎসকরা জানিয়েছেন, নরওয়ের বিপক্ষে ম্যাচে তাকে খেলানো হবে না। তবে ব্রাজিল শেষ আটে উঠলে ১১ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে তাকে পাওয়ার আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
রাফিনহার পাশাপাশি রায়ানও অনুশীলনে ফিরেছেন। শারীরিক ক্লান্তি কাটাতে তাকে আগের দিনের অনুশীলনে বিশ্রাম দেওয়া হয়েছিল।
তবে সবচেয়ে বড় ধাক্কা এসেছে লুকাস পাকেতার চোটে। জাপানের বিপক্ষে ম্যাচে বাঁ ঊরুর হ্যামস্ট্রিংয়ে চোট পান এই মিডফিল্ডার। তার এবারের বিশ্বকাপে আর খেলার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।
পাকেতার অনুপস্থিতিতে শুরুর একাদশে কে সুযোগ পাবেন, সেটাই এখন বড় প্রশ্ন। কোচ কার্লো আনচেলত্তির সামনে বিকল্প হিসেবে রয়েছেন এন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও দানিলো।
বিজ্ঞাপন
নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য এই ম্যাচের বিজয়ী দল আগামী ১১ জুলাই মায়ামিতে কোয়ার্টার ফাইনালে মেক্সিকো অথবা ইংল্যান্ডের মুখোমুখি হবে।
নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
বিজ্ঞাপন
অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস, দানিলো সান্তোস/গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রায়ান, ম্যাথেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।








