ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি

বিশ্বকাপের ব্যস্ত সূচির মধ্যেও মানবিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার মানুষের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আবেগঘন বার্তা দিয়েছেন। একই সঙ্গে নিখোঁজ স্বজনদের খুঁজে বেড়ানো পরিবারগুলোর প্রতিও সহমর্মিতা প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
গত ২৬ জুন ভেনেজুয়েলায় স্বল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথম কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ২। এর মাত্র ৪০ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ দুর্যোগে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত ও গৃহহীন হয়েছেন।
বিজ্ঞাপন
এই ভয়াবহ পরিস্থিতিতে বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকলেও ভেনেজুয়েলার মানুষের কথা ভুলে যাননি মেসি। এক বার্তায় তিনি বলেন, ভেনেজুয়েলার জনগণের প্রতি তিনি আন্তরিক ভালোবাসা ও সমর্থন জানাতে চান। দেশটির মানুষ যে কঠিন সময় পার করছেন, তা উপলব্ধি করেই তাদের পাশে থাকার আহ্বান জানান তিনি।
মেসি বিশেষভাবে তাদের কথাও উল্লেখ করেন, যারা এখনও নিখোঁজ স্বজনদের খুঁজছেন অথবা প্রিয়জনদের ভাগ্য নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি বলেন, এমন সব মানুষের প্রতি তাঁর পূর্ণ সমর্থন ও সহমর্মিতা রয়েছে এবং এই কঠিন সময়ে তারা যেন সাহস ধরে রাখেন।
বার্তার শেষ অংশে আর্জেন্টাইন অধিনায়ক ভেনেজুয়েলার মানুষের উদ্দেশে শক্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, তাঁর পক্ষ থেকে দেশটির জনগণের জন্য রইল অনেক ভালোবাসা এবং মানসিক শক্তির শুভকামনা।
বিজ্ঞাপন
এদিকে শুধু মেসিই নন, পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোও ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি মানবিক উদ্যোগ নিয়েছেন। দুর্যোগে সবকিছু হারানো এক শিশুকে নিজের একটি ম্যাচে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ব্যক্তিগত ভিডিও বার্তায় রোনালদো শিশুটির উদ্দেশে বলেন, তিনি চান শিশুটি তাঁর একটি ম্যাচ মাঠে বসে উপভোগ করুক। দুই ফুটবল মহাতারকার এমন মানবিক উদ্যোগ বিশ্বজুড়ে ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।








