Logo

নরওয়ের বিপক্ষে নিউইয়র্কে নেইমার-ভিনিসিয়ুস জুটি!

profile picture
ক্রীড়া ডেস্ক
৫ জুলাই, ২০২৬, ১১:৪৯
নরওয়ের বিপক্ষে নিউইয়র্কে নেইমার-ভিনিসিয়ুস জুটি!
ছবি: সংগৃহীত

নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইকে সামনে রেখে আবারও আলোচনায় উঠে এসেছে ব্রাজিলের দুই তারকা নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রের সম্ভাব্য জুটি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে, দুজনকে একসঙ্গে মাঠে দেখা যেতে পারে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়, নরওয়ের বিপক্ষে কোনো এক সময় কি নেইমার ও ভিনিসিয়ুসকে একসঙ্গে খেলানো হবে? জবাবে আনচেলত্তি বলেন, নেইমার ও ভিনিসিয়ুস একসঙ্গে খেলতে সক্ষম। তার বিশ্বাস, এই দুই ফুটবলারকে একই সঙ্গে মাঠে দেখা যাবে।

ভিনির পজিশন পাল্টানো নিয়েও আনচেলত্তি কথা বলেছেন, ‘ভিনি অনেক দিন ধরেই তার খেলার পজিশন পরিবর্তন করে আসছে। রিয়াল মাদ্রিদে এবং এখন। সে খুব ভালো করছে। প্রতিপক্ষকে সংশয়ে রাখছে। উইংয়ে সে অ্যাসিস্ট করতে পারে। অনেক গোলও করতে পারে।’

বিজ্ঞাপন

বিশ্বকাপ শুরুর আগে পায়ের পেশিতে চোট পান নেইমার। সেই কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে তাকে বদলি বেঞ্চে রাখা হয়েছিল। পরে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ পর্বের ম্যাচে শেষ ১৫ মিনিট মাঠে নামেন তিনি। জাপানের বিপক্ষে নির্ধারিত সময়ের শেষ দিকে তাকে মাঠের বাইরে অনুশীলন করতে দেখা গেলেও অতিরিক্ত সময়ের জন্যই তাকে প্রস্তুত রাখা হয়েছিল। তবে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে নির্ধারিত সময়েই জয় নিশ্চিত করে ব্রাজিল। ফলে অতিরিক্ত সময়ে খেলা গড়ায়নি এবং নেইমারের আর মাঠে নামাও হয়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD