বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় পতন

ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই শুরু হওয়ার আগেই টিকিটের বাজারে দেখা দিয়েছে বড় ধরনের মূল্যপতন। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যকার বহুল আলোচিত ম্যাচের টিকিটের দাম সবচেয়ে বেশি কমেছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে এই ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ৩০ শতাংশের বেশি নেমে যায়। যদিও শেষ মুহূর্তে দর্শকদের আগ্রহ কিছুটা বাড়ায় মূল্যপতনের ধাক্কা আংশিক সামাল দিতে সক্ষম হয়েছে ফিফা।
বিজ্ঞাপন
টিকিটের বাজার পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টিকিটডাটা ডটকমের তথ্য অনুযায়ী, সিয়াটলে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম গত ১ জুন প্রায় ৪ হাজার ডলারে পৌঁছেছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই দাম কমে দাঁড়ায় ১ হাজার ৫৪৯ ডলারে। পরে বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্র শেষ ষোলো নিশ্চিত করলে টিকিটের চাহিদা কিছুটা বাড়ে এবং মূল্যও সামান্য ঊর্ধ্বমুখী হয়।
গত শুক্রবার পর্যন্ত যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ২ হাজার ৮৩৬ ডলার। তবে সেই ঊর্ধ্বগতি স্থায়ী হয়নি। শনিবার বিকেলে টিকিটের দাম নেমে আসে ১ হাজার ৪২৩ ডলারে, যা আগের তিন দিনের তুলনায় প্রায় ৩২ শতাংশ কম। যদিও সন্ধ্যায় কিছুটা বেড়ে ১ হাজার ৬৩৫ ডলারে পৌঁছায়।
বিজ্ঞাপন
দাম কমলেও শেষ ষোলোর আটটি ম্যাচের মধ্যে টিকিটের দামের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ। সবচেয়ে বেশি দাম মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের, যেখানে সর্বনিম্ন টিকিটের মূল্য ৩ হাজার ৫৭৪ ডলার।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের টিকিটের দামে এত বড় পতন কিছুটা অপ্রত্যাশিত। কারণ বেলজিয়াম দলের বেস ক্যাম্প সিয়াটলের খুব কাছেই অবস্থিত। তাছাড়া এটি সিয়াটলে দলটির তৃতীয় ম্যাচ, ফলে দর্শক উপস্থিতি বেশি হবে বলেই ধারণা করা হচ্ছিল।
বিজ্ঞাপন
এদিকে আর্জেন্টিনা-মিশর ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ১ হাজার ৫৯৯ ডলার। ব্রাজিল-নরওয়ে ম্যাচের টিকিট ১ হাজার ৫৩৭ ডলার এবং পর্তুগাল-স্পেন ম্যাচের ১ হাজার ৩৬৭ ডলার থেকে শুরু হচ্ছে। অর্থাৎ গ্রুপ পর্বের মতো শেষ ষোলোতে দর্শকদের আগ্রহ না থাকায় টিকিটের চড়া দাম পাচ্ছে না ফিফা।
এদিকে শনিবার মরক্কোর কাছে ৩-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে কানাডা। ওই ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্যও শেষ ৭২ ঘণ্টায় প্রায় ১৪ শতাংশ কমে যায়।








