বিশ্বকাপে ইতিহাস গড়ে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে

ফুটবল শুধু মাঠের লড়াই নয়, অনেক সময় এটি একটি দেশের জন্য গৌরব, স্বপ্ন এবং অর্থনৈতিক সম্ভাবনারও নতুন দুয়ার খুলে দেয়। চলমান বিশ্বকাপে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে সেই উদাহরণই তৈরি করেছে।
বিজ্ঞাপন
মাত্র সাড়ে পাঁচ লাখ মানুষের দেশটি ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলেই নজর কেড়েছে। শেষ পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় লড়াইয়ে বিদায় নিতে হলেও মাঠের সাফল্যের পাশাপাশি বড় অঙ্কের অর্থও অর্জন করতে যাচ্ছে তারা।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে সবাইকে চমকে দেয় কেপ ভার্দে। এরপর বিশ্ব র্যাঙ্কিংয়ে উনিশ নম্বরে থাকা উরুগুয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষেও গোলশূন্য সমতা এনে অপরাজিত থেকেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে দলটি।
বিজ্ঞাপন
শেষ বত্রিশের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শক্তির বিচারে দুই দলের মধ্যে বড় ব্যবধান থাকলেও মাঠে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে কেপ ভার্দে। দুইবার পিছিয়ে পড়েও দুইবারই সমতায় ফেরে তারা। নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত ১১১তম মিনিটে আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে হার মেনে বিশ্বকাপ অভিযান শেষ হয় তাদের।
চলতি বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দলের মধ্যে ফিফা মোট ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানি বিতরণ করবে। ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় যা প্রায় ১৫ শতাংশ বেশি। ফিফার নির্ধারিত কাঠামো অনুযায়ী, বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য প্রতিটি দল পাবে ১০ মিলিয়ন মার্কিন ডলার। এর সঙ্গে প্রস্তুতি, প্রশিক্ষণ, ভ্রমণ ও অন্যান্য ব্যবস্থাপনার জন্য দেওয়া হবে আরও ২.৫ মিলিয়ন ডলার।
ছোট ফুটবল দেশগুলোর জন্য রয়েছে বাড়তি সহায়তাও। কেপ ভার্দের মতো দেশগুলো যাতায়াত, টিকিট এবং বিভিন্ন সাংগঠনিক ব্যয়ের জন্য ১৬ মিলিয়ন ডলারের বেশি অতিরিক্ত আর্থিক সহায়তা পাবে। এর বাইরে রয়েছে নকআউট পর্বে ওঠার পুরস্কার। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো যেখানে পাবে ৯ মিলিয়ন ডলার, সেখানে শেষ ৩২-এ উঠে বিদায় নেওয়া দলগুলো পাবে অতিরিক্ত ১১ মিলিয়ন ডলার।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় পতন
সব মিলিয়ে কেপ ভার্দের প্রাপ্তির পরিমাণ দাঁড়াচ্ছে কমপক্ষে ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৫০ কোটির টাকারও বেশি।
এই অর্থ সরাসরি কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের তহবিলে যাবে। পরবর্তীতে অবকাঠামো উন্নয়ন, বয়সভিত্তিক ফুটবল, কোচ তৈরির কার্যক্রম এবং দেশটির ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নয়নে কীভাবে এই অর্থ ব্যয় করা হবে, সে সিদ্ধান্ত নেবে ফেডারেশন।
বিজ্ঞাপন








