কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন কাসেমিরো

ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন আবারও শেষ হলো হতাশায়। ২০০২ সালের পর টানা ষষ্ঠবারের মতো শিরোপাবঞ্চিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করেছে সেলেসাওরা।
বিজ্ঞাপন
এই পরাজয়ের পর দলের অভিজ্ঞ ফুটবলারদের আবেগাপ্লুত হতে দেখা যায়। মাঠে নেইমারের কান্নার পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে নিজেকে সামলে রাখতে পারেননি মিডফিল্ডার কাসেমিরো। বারবার কান্নায় ভেঙে পড়ে তিনি নিজের অনুভূতি প্রকাশ করেন।
কাসেমিরো বলেন, “কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। এটা খুব কঠিন। আমরা আমাদের স্বপ্ন হারিয়ে ফেলেছি।” এই কথাগুলো বলার পরই আবেগে ভেঙে পড়েন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কিছুটা নিজেকে সামলে নিয়ে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার বলেন, “ফুটবল খেলতে শুরু করার সময় প্রতিটি ব্রাজিলিয়ান শিশুরই বিশ্বকাপ জয়ের স্বপ্ন থাকে। আমার সেই স্বপ্ন পূরণের জন্য তিনবার সুযোগ এসেছে। এ জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমি এবং আমার সতীর্থরা জাতীয় দলের হয়ে যা করেছি, তা নিয়ে গর্বিত।”
এরপর আবারও চোখের পানি মুছতে মুছতে কাসেমিরো বলেন, “আমরাই সেই প্রজন্ম, যারা বিশ্বকাপ জিততে পারিনি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কঠোর পরিশ্রম করেছি। কিন্তু শেষ পর্যন্ত দেশের মানুষকে হতাশ করেছি। সব ব্রাজিলিয়ান সমর্থকের কাছে আমরা দুঃখিত।”
শেষে তিনি বলেন, “জীবন থেমে থাকে না। কিন্তু এই মুহূর্তে আমি শুধু আমার পরিবার ও সন্তানদের পাশে থাকতে চাই।” এতটুকু বলেই আবেগে বাকরুদ্ধ হয়ে পড়েন ব্রাজিলের এই অভিজ্ঞ ফুটবলার।
বিজ্ঞাপন
নরওয়ের বিপক্ষে এই পরাজয়ের মধ্য দিয়ে নেইমার ও কাসেমিরোর মতো কয়েকজন তারকার বিশ্বকাপ ক্যারিয়ারেরও সম্ভাব্য ইতি ঘটল বলে ধারণা করা হচ্ছে।








